ব্রেট লি’র দিকে তাকিয়ে অস্ট্রেলিয়া
দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে পা রেখে অস্ট্রেলীয় শিবিরে নতুন করে আশা জাগিয়েছেন স্পিডস্টার ব্রেট লি। টানা চতুর্থবারের মতো শিরোপা জয়ের স্বপ্ন পূরণের ক্ষেত্রে ব্রেট লি আর শন টেইটের আক্রমণাত্মক বোলিংয়ের ওপর অনেকখানিই ভরসা করছে অস্ট্রেলিয়ার সমর্থকেরা। ব্রেট লিই এবার গত বিশ্বকাপে ২৬ উইকেট নেওয়া গ্লেন ম্যাকগ্রার অভাব পূরণ করতে পারবেন বলে বিশ্বাস তাদের।ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরে খুব তাড়াতাড়িই নিজেকে খুঁজে পেয়েছেন লি। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৬ ম্যাচে ১১ উইকেট নিয়ে সবার দৃষ্টি ফিরিয়েছেন নিজের দিকে। আর তাঁকে নিয়ে আশা করাটা যে খুব একটা ভুল হবে না সেটা তিনি প্রমাণ করেছেন ভারতের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে তিন উইকেট নিয়ে।সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার মার্ক ওয়াহ বলেছেন, ‘গত বছর ব্রেট লিকে অনেক মিস করেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট। আর এখন ইনজুরি কাটিয়ে সে দারুণভাবে ফিরে এসেছে। উপমহাদেশের কন্ডিশনে সে দলকে নতুনভাবে উজ্জীবিত করতে পারবে।’ অসি অধিনায়ক রিকি পন্টিং বলেছেন, ‘ইনজুরি কাটিয়ে ব্রেট লি যেভাবে দলে ফিরে এসেছে, তাতে আমি রীতিমতো মুগ্ধ।’নিজের সর্বোচ্চটুকু দেওয়ার জন্য মুখিয়ে আছেন ব্রেট লিও। বলেছেন, ‘প্রায় ১৫ মাস মাঠের বাইরে কাটানোর পর আবারও ক্রিকেট অঙ্গনে ফিরে আসতে পেরে খুব ভালো লাগছে। আমি জানি অনেকেই চেয়েছিলেন আমার এই প্রত্যাবর্তনটা। এখন আমি নিজের সেরাটা ঢেলে দিতে চাই। আর উপমহাদেশের ধীরগতির উইকেট নিয়ে কোন সমস্যা হওয়ার কথা না। কারণ এখানেও ১৫০ কিমি গতিতে বল করা সম্ভব।’ এখন সমর্থক-সতীর্থদের আস্থার প্রতিদান ব্রেট লি মাঠে কিভাবে দেবেন সেটাই দেখার বিষয়। টাইমস নিউজ নেটওয়ার্ক