ব্রেমেনের কাছে হারল ইন্টার মিলান
গত মৌসুমের ট্রেবলজয়ী ইন্টার মিলানের সেই দাপুটে চেহারা এ মৌসুমে যেন একেবারে হারিয়েই যেতে বসেছে। হোসে মরিনহোর ছেড়ে যাওয়া ট্রেবলজয়ী ইন্টারের ভার যেন ঠিকমতো বইতে পারছেন না সাবেক লিভারপুল কোচ রাফায়েল বেনিতেজ। ইতালিয়ান লিগে ১৫ ম্যাচ শেষে তাদের অবস্থান ৫ নম্বরে। শীর্ষে থাকা এসি মিলানের চেয়ে পুরো ১০ পয়েন্ট পিছিয়ে থেকে শিরোপা জয়ের লড়াই থেকে অনেকখানিই ছিটকে পড়েছে তারা। চ্যাম্পিয়নস লিগে অবশ্য নির্বিঘ্নেই প্রথম রাউন্ডের বাধা পেরিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওয়ের্ডার ব্রেমেনের কাছে ৩-০ গোলের লজ্জাজনক হারের ফলে শীর্ষস্থানটা ছেড়ে দিতে হয়েছে টোটেনহামকে।আগেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে গেলেও ইন্টার মিলান যে শুধু আনুষ্ঠানিকতা রক্ষার জন্য মাঠে নামবে না তা আগেই জানিয়ে রেখেছিলেন ক্লাব সভাপতি মোসিমো মোরাত্তি। বরং শেষ ম্যাচটি জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরবর্তী রাউন্ডে যাওয়ার ইচ্ছা ছিল তিনবারের চ্যাম্পিয়নস লিগজয়ী ইন্টার মিলানের। কিন্তু ওয়ের্ডার ব্রেমেনের বিপক্ষে প্রথম থেকেই সুবিধা করে উঠতে পারেনি তারা। জোরালো কোনো সুযোগ সৃষ্টি করা তো দূরের কথা, বরং ৩৮ মিনিটের মাথায় ওয়ের্ডার ডিফেন্ডার সেবাস্টিয়ান প্রোডলের গোলে পিছিয়ে পড়ে তারা। দ্বিতীয়ার্ধের শুরুতেই মার্কো আর্নাউটোভিচের গোলে ব্যবধান বাড়ায় ব্রেমেন। শেষ বাঁশি বাজার কয়েক মিনিট আগে ইন্টার মিলানের জালে আরও একবার বল জড়িয়ে দেন ক্লাউডিও পিজারো। ৩-০ গোলের লজ্জা নিয়েই জার্মানি থেকে ফিরে আসতে হয় ইন্টার মিলানকে।ইন্টার কোচ রাফায়েল বেনিতেজ অবশ্য দলের গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড় ওয়েসলি স্নাইডার, ডিয়েগো মিলিতো, লুসিওর না থাকাটাকে অজুহাত বানিয়ে এ হারের চাপ কিছুটা হালকা করতে চেয়েছেন। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘এই ম্যাচের আগেই আমরা পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছিলাম। আমার কাছে এই ম্যাচটা ছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের। গুরুত্বপূর্ণ খেলাটা ছিল টুয়েন্টের বিপক্ষে এর আগের ম্যাচটা। আর সেটাতে আমরা জিতেছিলাম।’তবে জয়ের ধারায় না ফিরতে পারলে বেনিতেজ আর কত দিন ইন্টার কোচের আসনে থাকতে পারবেন, তা নিয়ে সংশয়ে আছে অনেকেই। ক্লাব সভাপতি মোসিমো মোরাত্তি এরই মধ্যে বেনিতেজকে বরখাস্তের হুমকিও দিয়ে রেখেছেন। রয়টার্স।