ব্রেসনান মানেই জয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পি সারা ওভালে ইংল্যান্ডের জয়ের নায়ক কে?কেভিন পিটারসেনের নামটাই সবার আগে আসবে। প্রথম ইনিংসে ১৫১ রানের দুর্দান্ত ইনিংসটার সঙ্গে দ্বিতীয় ইনিংসের ৪২ রানের ক্যামিওর জন্য ম্যাচসেরা হয়েছেন, আনুষ্ঠানিক নায়ক তো তিনিই। ১০ উইকেট নেওয়া গ্রায়েম সোয়ানের কথাও বলতে পারেন কেউ কেউ। দুই ইনিংসেই দারুণ ব্যাট করা অ্যালিস্টার কুক কিংবা নতুন বলে জেমস অ্যান্ডারসনের দুর্দান্ত বোলিংয়ের ভূমিকাও কম নেই। কিন্তু যদি বলা হয়, জয়ের আসল নায়ক টিম ব্রেসনান! নিশ্চয়ই চোখ কপালে উঠবে। ভাবছেন, একমাত্র ইনিংসে ৫ রান করা আর প্রথম ইনিংসে ২ উইকেট (একটি আবার লোয়ার-অর্ডারের) নেওয়া নায়ক হন কীভাবে? পারফরম্যান্স থেকে চোখ সরান। ব্রেসনানের পারফরম্যান্স লাগে না, স্রেফ একাদশে থাকাটাই যথেষ্ট। ইংল্যান্ড জিতে যায় তাতেই! কখনো দলীয় সমন্বয়, কখনো তৃতীয় পেসারের জায়গা নিয়ে ফিন-ট্রেমলেটদের সঙ্গে লড়াই, কখনো বা চোট—সব মিলিয়ে টানা খুব বেশি টেস্ট খেলা হয়ে ওঠে না ব্রেসনানের। কিন্তু যখনই খেলেন, জিতে যায় দল। ৩ বছরের টেস্ট ক্যারিয়ারে সব মিলিয়ে ১১টি টেস্ট খেললেন। অবিশ্বাস্য হলেও সত্যি, ১১টিতেই জিতেছে ইংল্যান্ড। ব্রেসনান যেন ইংল্যান্ডের অ্যালবাট্রস!ইংল্যান্ডের সাম্প্রতিক দুর্দশার সঙ্গেও চাইলে মেলাতে পারেন এই ‘অ্যালবাট্রসের’ দৃশ্যপটে না থাকাটা। চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে সিরিজটায় ছিলেন না দলে, ইংল্যান্ডও হোয়াইটওয়াশ। চোট কাটিয়ে দলে ফিরলেও গল টেস্টে জায়গা হয়নি দল দুই স্পিনার খেলানোয়। ফলাফল—ইংল্যান্ডের টানা চতুর্থ টেস্ট হার। ব্রেসনান একাদশে ফিরলেন, দাপুটে জয়ে ইংল্যান্ড ধরে রাখল এক নম্বর জায়গা। একে ‘ব্রেসনান ফ্যাক্টর’ না বলে উপায় আছে!এমন সৌভাগ্যের প্রতীক ছিলেন এলডিন ব্যাপ্টিস্টও। ৭ বছরের ক্যারিয়ারে ১০ টেস্ট খেলে মাত্র ১৬ উইকেট পেয়েছিলেন অ্যান্টিগান পেসার। কিন্তু ওই ১০টি টেস্টই জিতেছে ওয়েস্ট ইন্ডিজ! ক্যারিয়ারে সব টেস্ট জেতা ক্রিকেটারের মধ্যে এত দিন শীর্ষে ছিলেন ব্যাপ্টিস্টই। কাল তাঁকে ছাড়িয়ে গেলেন ব্রেসনান। তবে রেকর্ডটা ধরে রাখতে পারবেন কি না কে জানে! বয়স মাত্র ২৭, আরও অনেক টেস্টই নিশ্চয়ই খেলবেন। ব্রেসনানের কোনো টেস্ট ড্র বা হার হলেই আবার রেকর্ডটি হয়ে যাবে ব্যাপ্টিস্টের। ব্রেসনান বরং পাখির চোখ করতে পারেন অ্যাডাম গিলক্রিস্টের রেকর্ডকে। অভিষেকের পর টানা সবচেয়ে বেশি টেস্ট জয়ের রেকর্ড সাবেক অস্ট্রেলিয়ান উইকেটকিপার ব্যাটসম্যানেরই (১৫টি)। টানা আর ৪ টেস্ট জিতলেই গিলক্রিস্টকে ছুঁয়ে ফেলবেন ব্রেসনান। ব্রেসনানকে শুধু সৌভাগ্যের প্রতীক বলাটা অন্যায়। ১১ টেস্টে পেয়েছেন ৪৩ উইকেট, ব্যাট হাতে ৯ ইনিংসে ৩ ফিফটি, ৪০.৩৭ গড়ে ৩২৩ রান—এই পারফরম্যান্স বলছে দারুণ এক অলরাউন্ডার হয়ে ওঠার সম্ভাবনা তাঁর ভালোই আছে। তবে আবারও শুরুতে ফিরে যাওয়া যায়, পারফরম্যান্সের দরকারই বা কী, দলে থাকাটাই তো যথেষ্ট! যেভাবে চলছে, সামনে হয়তো চোট পেলেও ব্রেসনানকে ধরেবেঁধে নামিয়ে দেবে ইংল্যান্ড!