>১২তম দক্ষিণ এশীয় গেমসের পর্দা উঠবে ৫ ফেব্রুয়ারি। ভারতের গুয়াহাটি ও শিলংয়ে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতা ঘিরে বাংলাদেশের প্রস্তুতি কেমন? গেমসের বিভিন্ন খেলায় আমাদের সাফল্যই বা কী? এসএ গেমসের প্রস্তুতি নিয়ে এই ধারাবাহিেক আজ স্কোয়াশ, বাস্কেটবল ও খো খো
কখনো ঢাকা ক্লাব, কখনো সেনাবাহিনীর স্কোয়াশ কোর্ট—স্বপন পারভেজ, রাজু রামদের যেন যাযাবরের জীবন। নিজেদের একটা অনুশীলনের জায়গার জন্য দীর্ঘদিন থেকেই দুয়ারে দুয়ারে ঘুরছেন স্কোয়াশ খেলোয়াড়েরা। কিন্তু জায়গা মেলে না। এসএ গেমস সামনে রেখে এবার খেলোয়াড়েরা অনুশীলন করছেন ঢাকা সেনানিবাসে সেনাবাহিনীর স্কোয়াশ কোর্টে। কিন্তু সেখানেও সমস্যা—বাংলাদেশের অন্যান্য কোর্টের মতো সেখানেও কোনো ফাইবার গ্লাস নেই। আন্তর্জাতিক টুর্নামেন্টে বরাবরের মতোই এটি বড় সমস্যা হয়ে উঠবে স্কোয়াশ খেলোয়াড়দের কাছে। এ জন্য গুয়াহাটিতে একটু আগেভাগেই যেতে চায় স্কোয়াশ দল। যাতে ফাইবার কোর্টে খেলে নিজেদের একটু হলেও অভ্যস্ত করে তুলতে পারেন।
এসএ গেমসে বাংলাদেশ এ পর্যন্ত দুবার ব্রোঞ্জ জিতেছে। ২০০৬ শ্রীলঙ্কা গেমসে এবং সর্বশেষ ঢাকায় হওয়া গেমসে। দুটি আসরেই ছিলেন অধিনায়ক স্বপন পারভেজ। এবারও ব্রোঞ্জের আশায় ভারত যাবেন ১১ বারের জাতীয় চ্যাম্পিয়ন স্বপন, ‘অন্যান্য ফেডারেশন যখন অনুশীলন শুরু করে, তখনো আমাদের ভারতে যাওয়া হবে কি না, তা নিয়ে সংশয়ে ছিলাম। শেষ মুহূর্তে আমাদের খেলা অন্তর্ভুক্ত হয়েছে। তাই নভেম্বরের মাঝামাঝি সময়ে অনুশীলন শুরু করেছি। পর্যাপ্ত প্রস্তুতি হয়নি। তবু আশা করি ব্রোঞ্জপদক ধরে রাখতে পারব।’
বাস্কেটবল
ভেন্যু গুয়াহাটি। তাই বাস্কেটবল খেলোয়াড়েরা একটু হলেও বেশি আশাবাদী। বাংলাদেশের বাস্কেটবল ইতিহাসে প্রথম সাফল্য যে গুয়াহাটিতেই এসেছিল। ২০০২ সালে দক্ষিণ এশিয়ান বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে (সাবা) রানার্সআপ হয় বাংলাদেশ। সেই গুয়াহাটিতেই এবার এসএ গেমসে খেলবেন মিথুনরা।
গেমসে বাংলাদেশের একমাত্র পদক ব্রোঞ্জ, গত ঢাকা আসরে জেতা। এবারের দলটিকে গত গেমসের চেয়ে অনেক দুর্বলই মনে করছেন খেলোয়াড়েরা। অভিজ্ঞদের বাদ দিয়ে কর্মকর্তাদের পছন্দের খেলোয়াড়দের নিয়েই দল গঠন করা হয়েছে বলে গুঞ্জন। তারপরও অধিনায়ক মিথুন বিশ্বাস ব্রোঞ্জ ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী, ‘আমরা এবারও ব্রোঞ্জের জন্যই খেলতে যাব। আগস্ট থেকে অনুশীলন শুরু করেছি। এটা আরও আগে হলে ভালো হতো। আমরা অনেক দিন কোনো টুর্নামেন্টে খেলতে পারিনি। অন্তত দু-একটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে ভালো হতো।’ গত বছরের জুলাইয়ে বেঙ্গালুরুতে এশিয়ান গেমসের বাছাইপর্ব খেলে এসেছে বাস্কেটবল দল। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরও ভালো খেলতে চান বাস্কেটবল খেলোয়াড়েরা। বিদেশি কোচ নেই, দেশি কোচেই আস্থা খেলোয়াড়দের। ব্রোঞ্জটা ধরে রাখতে পারলেই তাঁরা খুশি থাকবেন।
খো খো
অপ্রচলিত এই খেলাটি অনেকটা গ্রামের বউচির মতো। বাংলাদেশে অবশ্য অনেক আগে থেকেই এটি পরিচিত। এসএ গেমস দিয়ে এবার খেলাটির দক্ষিণ এশিয়ান গেমসে অভিষেক ঘটতে যাচ্ছে। খেলোয়াড়েরা এ জন্য একটু বেশিই রোমাঞ্চিত।
শেষ মুহূর্তে গেমসে যোগ হয়েছে খো খো। অন্য ফেডারেশনগুলো তাই আগস্টে অনুশীলন শুরু করলেও খো খোর শুরু নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে। ঢাকায় মাঠ-সংকট। এ জন্য পুরুষ দল অনুশীলন করছে ময়মনসিংহের মুক্তাগাছা টেকনিক্যাল ট্রেনিং কলেজে। মেয়েরা ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে। ঘাসের মাঠে অনুশীলন করছেন খেলোয়াড়েরা, কিন্তু খেলতে হবে ইনডোর ম্যাটে। খো খোর কোনো ম্যাট নেই। তাই তায়কোয়ান্দো ও কাবাডির ম্যাটে কিছুদিন অনুশীলন করলেও সেটা মনের মতো হয়নি।
খো খোতে ভারত পরাশক্তি, তাদের ছাড়া পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালকে হারানোর স্বপ্ন দেখছেন খেলোয়াড়েরা। মহিলা দলের অভিজ্ঞ খেলোয়াড় হ্যাপি বেগম যদিও প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নন, ‘ম্যাটে অনুশীলন করতে পারলে আরও ভালো প্রস্তুতি হতো। যাদের সঙ্গে খেলব, ওই দলগুলোর সঙ্গে অন্তত দু-একটা প্রস্তুতি ম্যাচ খেললেও বুঝতে পারতাম নিজেরা কোথায় আছি। তাহলে আশাবাদী হতাম। তারপরও আশা করি, একটা ব্রোঞ্জ হলেও পাব।’
স্কোয়াশ, বাস্কেটবল ও খো খোতে বাংলাদেশের পদক
স্কোয়াশ
সোনা : ০
রুপা : ০
ব্রোঞ্জ : ২
বাস্কেটবল
সোনা : ০
রুপা : ০
ব্রোঞ্জ : ১
খো খো
সোনা : ০
রুপা : ০
ব্রোঞ্জ : ০