ব্রোঞ্জেই সন্তুষ্ট বাংলাদেশ
কাবাডিতে গতবার ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ মহিলা দল। এবারও সেই ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাদের। কাল সেমিফাইনালে ইরান মহিলা দলের কাছে ১৫-৪০ পয়েন্টে হেরে ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের মেয়েদের।
ফাইনালে ইরান মুখোমুখি হবে ভারতের। আর কাবাডিতে যেহেতু দুই পরাজিত সেমিফাইনালিস্টই ব্রোঞ্জ পায়, বাংলাদেশের সঙ্গে তাতে ভাগ বসাবে কাল প্রথম সেমিফাইনালে ভারতের মেয়েদের কাছে ২৮-৪১ ব্যবধানে হারা থাইল্যান্ড দলও।
শারীরিক সামর্থ্য ও খেলার কৌশল—সব দিক দিয়েই ইরানের মেয়েরা বাংলাদেশের মেয়েদের চেয়ে অনেক এগিয়ে। বাংলাদেশও যে ম্যাচটা জিততে পারে, সেটা তাই কখনোই মনে হয়নি। ২৫-২ পয়েন্টে এগিয়ে থেকে ইরান বাংলাদেশের ধরাছোঁয়ার বাইরে চলে যায় প্রথমার্ধেই। তবে দ্বিতীয়ার্ধে কিছুটা লড়াইয়ে ফেরে বাংলাদেশের মেয়েরা। এই অর্ধে বাংলাদেশ নেয় ১৩ পয়েন্ট, ইরান ১৫।
ম্যাচ শেষে যথারীতি হতাশা ঝরে পড়ল বাংলাদেশ মহিলা দলের অধিনায়ক শাহনাজ পারভীনের কণ্ঠে, ‘এত বড় ব্যবধানে হারব ভাবতে পারিনি। তবে ইরান অনেক ভালো দল। ভারতের চেয়েও তারা ভালো। আমার ধারণা ইরানই শেষ পর্যন্ত সোনা জিতবে।’ এশিয়ান গেমসে যে এবারও ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হলো, সে জন্য তিনি দায়ী করেছেন স্বল্প অনুশীলনকে, ‘ভারত-ইরানের মতো দলের বিপক্ষে লড়াই করতে হলে লম্বা সময় ধরে অনুশীলন করা প্রয়োজন। কিন্তু প্রতিটি গেমসের আগেই আমরা অল্প কদিন অনুশীলন করি। অনুশীলন করে করে খেলোয়াড়েরা যখন ভালো একটা অবস্থায় আসে, তখনই সেটা বন্ধ হয়ে যায়। ভবিষ্যতে এর পরিবর্তন হওয়া দরকার।’