ব্রোঞ্জ জিতলেন সেই কৃষক পরিবারের মার্শাল আর্ট কন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ পর্যন্ত ব্রোঞ্জ জিতেছেন সান্ত্বনা রানী রায়। ফাইল ছবি
শেষ পর্যন্ত ব্রোঞ্জ জিতেছেন সান্ত্বনা রানী রায়। ফাইল ছবি

লালমনিরহাটের সেই কৃষক পরিবারের মার্শাল আর্ট কন্যা সান্ত্বনা রানী রায় উত্তর কোরিয়ার পিয়ংইংয়ে ২০তম তায়কোয়ান্দো বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছেন। ১৫ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর হয়েছে এই প্রতিযোগিতা। 

৭৫ কেজি ক্যাটাগরিতে চেক রিপাবলিকের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছেন সান্ত্বনা রানী। লালমনিরহাটের আদিতমারীর সারপুকুর ইউনিয়নের হরিদাস গ্রামের কৃষক সুবাস চন্দ্র রায়ের কন্যা সান্ত্বনা ২০১১ সালের ডিসেম্বরে ঢাকায় জাতীয় আইটিএফ তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে দ্বিতীয়, ২০১২ সালের জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় ফজিলাতুন্নেছা মুজিব আন্তর্জাতিক তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে প্রথম হয়েছিলেন। বিদেশের মাটিতেও এর আগে তাঁর সাফল্য এসেছে। ২০১৪ সালের এপ্রিলে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত ৭ম এশিয়ান তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে তিনি প্রথম হয়েছেন। ২০১৫ সালের ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত ৭ম জাতীয় আইটিএফ তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে হয়েছিলেন সেরা খেলোয়াড়। পিয়ংইয়ংয়েও তাঁর সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকল।
বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়ান্দো অ্যাসোসিয়েশন এর টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শাহাজাহান আলী সান্ত্বনা রানী রায়ের এ সাফল্য নিয়ে বললেন, ‘বিশ্ব চ্যাম্পিয়নশিপে সান্ত্বনা রানী রায়ের হাত ধরে এই প্রথম বাংলাদেশের সাফল্য এল।’
উত্তর কোরিয়া যাওয়ার বিমানভাড়া, অংশগ্রহণ ফি ও পোশাক-পরিচ্ছদের জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় না হওয়ায় বিপাকে পড়েছিলেন সান্ত্বনা। ৭ সেপ্টেম্বর প্রথম আলোর অনলাইন সংস্করণে ‘বিশ্বকাপে যেতে পারবেন সান্ত্বনারা?’ ও ‘সান্ত্বনার পাশে দাঁড়িয়েছেন অনেকেই, তবুও বিশ্বকাপ অনিশ্চিত’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশিত হলে তায়কোয়ন্দো বিশ্বকাপে যেতে তাঁর দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন অনেকেই। ১৫ সেপ্টেম্বর ‘উড়াল দিলেন মার্শাল আর্ট কন্যা সান্ত্বনা’ ও ১৪ সেপ্টেম্বর ‘উড়াল দিয়েছেন সেই মার্শাল আর্ট কন্যা’ শিরোনামে আরও দুটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
সান্ত্বনা রানী রায়ের এ সাফল্যে খুশির জোয়ার লালমনিরহাট ক্রীড়াঙ্গনে। শুধু লালমনিরহাট কেন, তাঁর এই সাফল্যের অংশীদার গোটা দেশ।