ব্র্যাড হজের ৫০০০
টি-টোয়েন্টি ক্রিকেটের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন ব্র্যাড হজ। এখন পর্যন্ত ১৭১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৫০০০ রান করেছেন অস্ট্রেলিয়ান এই ব্যাটসম্যান। গতকাল বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চিটাগাং কিংসের বিপক্ষে ২৫ রান করেই এই মাইলফলক স্পর্শ করেন হজ। বিপিএলে তিনি খেলছেন বরিশাল বার্নার্সের হয়ে। টি-টোয়েন্টি ক্রিকেটের সূচনালগ্ন থেকেই খেলা শুরু করেছিলেন ব্র্যাড হজ। ২০০৩ সালে ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণের প্রথম প্রতিযোগিতার সময়ই মাঠে নেমেছিলেন অস্ট্রেলিয়ান এই ব্যাটসম্যান। প্রথম ম্যাচেই তিনি খেলেছিলেন ৯৭ রানের ঝোড়ো ইনিংস। এর পর থেকে এখন পর্যন্ত তিনি খেলে ফেলেছেন ১৭১টি ম্যাচ। এর মধ্যে আন্তর্জাতিক ম্যাচ আছে আটটি। ৩৬.২৯ গড়ে এই ৫০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন হজ। তাঁর স্ট্রাইক-রেটটাও সমীহ জাগানোর মতো, ১২৯.১৩। টি-টোয়েন্টি ক্রিকেটকে ৫০০০ রানের এই নতুন মাইলফলকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পথে তিনি খেলেছেন ৩৪টি অর্ধশতক ও দুটি শতকের ইনিংস। কৃতিত্বটাকে নিজের সক্ষমতার প্রমাণ হিসেবেই বিবেচনা করছেন ব্র্যাড হজ। গতকাল ম্যাচ শেষে ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘রাসেল আরনল্ড আমাকে আগেই বলেছিলেন যে আমার মাত্র ২৫ রান দরকার। কিন্তু আমি সে সময় এটা নিয়ে ভাবিনি। আমি আসলে খুবই খুশি। শেরফিল্ড শেইল্ড-এ আমি করেছি ১০ হাজার রান, টি-টোয়েন্টিতে ৫ হাজার রান। তার মানে আমি সময়ের সঙ্গে সঙ্গে পারফর্ম করে গেছি।’টি-টোয়েন্টি ক্রিকেটে এখন ব্র্যাড হজের সবচেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী ডেভিড হাসি। তাঁর ঝুলিতে আছে ৪ হাজার ৮২১ রান। এ ছাড়া ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম ও ওয়াইস শাহ করেছেন চার হাজারের বেশি রান। ক্রিকইনফো