অনেক দিন শুধু ডন ব্র্যাডম্যানেরই ছিল কীর্তিটা। ২০০৩ সালে সেটিতে ভাগ বসান রিকি পন্টিং। এবার যোগ হলেন মাইকেল ক্লার্ক। টেস্টে এক বছরে তিনটি ডাবল সেঞ্চুরি আছে শুধু এই তিন অস্ট্রেলীয়রই।গত জানুয়ারিতে ভারতের বিপক্ষে সিডনিতে অপরাজিত ৩২৯ রান করার পর অ্যাডিলেডে করেছিলেন ২১০ রান। কাল ব্রিসবেনে ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি করে দিন শেষে ক্লার্ক অপরাজিত আছেন ২১৮ রানে। টেস্টে প্রথম সেঞ্চুরি পেয়েছেন এড কাওয়ান। মাইক হাসিও আছেন ক্যারিয়ারের ১৭তম টেস্ট সেঞ্চুরির পথে। এসবই বলে দিচ্ছে, কাল গ্যাবার ২২ গজে ছিল অস্ট্রেলিয়ার রাজত্ব।ম্যাচের চিত্রটাও পাল্টে গেছে এতে। বৃষ্টি এক দিন খেয়ে ফেলার পরও তৃতীয় দিনশেষে যে অস্ট্রেলিয়া শিবিরে ছিল পরাজয়ের শঙ্কা, চতুর্থ দিন শেষে সেই অস্ট্রেলিয়াই এখন জয়ের স্বপ্ন দেখছে! যদিও সেটা একটু বাড়াবাড়িই মনে হচ্ছে। কারণ, টেস্টের আজই শেষ দিন। অস্ট্রেলিয়া এগিয়ে আছে মাত্র ৩৭ রানে। দিন শুরু করেছিল ৩ উইকেটে ১১১ রান নিয়ে, শেষ করেছে ৪ উইকেটে ৪৮৭ রানে। ছোট্ট ওই লিডটাকে হূষ্টপুষ্ট করে পরে আবার দক্ষিণ আফ্রিকাকে অলআউট করাটা হবে কঠিনই। তার পরও ক্লার্কের দাবি, ‘নিশ্চিতভাবেই আমি মনে করি, আমরা জয়ের একটা চেষ্টা চালাতে পারি।’কাওয়ানের সঙ্গে ক্লার্কের ২৫৯ রানের জুটিটা ৭৫.১ ওভারে। তবে স্টেইনদের ওপর দিয়ে ঝড়টা গেছে দিনের শেষ সেশনে। চা-বিরতির পর ৩৪ ওভারে ক্লার্ক-হাসি ওভারপ্রতি ৫.৩২ রান করে তুলেছেন ১৮১! তাঁদের পঞ্চম উইকেট জুটিতে ৩৬.২ ওভারে এসেছে ১৮৮ রান! ওভারপ্রতি ৫.১৭।সারা দিনে উইকেট মাত্র একটি। কাওয়ানও রানআউট হয়েছেন ব্যাকআপ করতে গিয়ে। এর আগে দক্ষিণ আফ্রিকান বোলারদের এ রকম উইকেটবিহীন দিন কেটেছিল সেই ২০০৬ সালে, শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে। ৬২৪ রানের জুটি গড়ার পথে জয়াবর্ধনে-সাঙ্গাকারা দ্বিতীয় দিনে তুলেছিলেন ৩৫৭ রান। কাল সেটা ছাপিয়ে অস্ট্রেলিয়া তুলেছে ৩৭৬ রান। ওয়েবসাইট।