ব্র্যাডম্যান-হ্যামন্ডের পাশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটিং সৌন্দর্যের আরেক নাম হলে দুজনের মাঝে খানিকটা মিল আছে। তবে আরেকটা দিক থেকেও মার্ক ওয়াহর নতুন সংস্করণ হয়ে উঠছিলেন মাইকেল ক্লার্ক। ২০টি টেস্ট সেঞ্চুরি জুনিয়র ওয়াহর ক্যারিয়ারে, তবে সর্বোচ্চ মাত্র ১৫৩! এই সিরিজের আগে ক্লার্কের সবচেয়ে বড় টেস্ট ইনিংস ছিল ১৬৮। ১৬ বার তিন অঙ্ক ছুঁয়ে দেড় শ ছাড়াতে পেরেছিলেন মাত্র চারবার। প্রথম শ্রেণীর ক্রিকেটেই ২০০ ছিল মাত্র একটি (২০১*), সেই ছয় বছর আগে। বোর্ডার-গাভাস্কার ট্রফি এখনো শেষ হয়নি, ক্লার্কের ক্যারিয়ারে যোগ হয়ে গেছে একটি ট্রিপল আর একটি ডাবল সেঞ্চুরি! সিডনির ওই ট্রিপল সেঞ্চুরি, পন্টিং-হাসির সঙ্গে ম্যারাথন সব জুটিতে চলতি সিরিজে বারবারই ডন ব্র্যাডম্যানকে মনে করিয়েছেন ক্লার্ক। অসাধারণ এক কীর্তিতে কাল পাশেই বসে গেলেন পূর্বসূরির। একই সিরিজে একটি ট্রিপল ও একটি ডাবল সেঞ্চুরির কীর্তি অস্ট্রেলিয়ার আছে শুধু এই দুজনের। ১৩৫ বছরের টেস্ট ইতিহাসে দুই অস্ট্রেলিয়ান ছাড়া এই কীর্তি আছে আর একজনের। ক্লার্কের কভার ড্রাইভে অনেকেই যাঁর ছায়া খুঁজে পান, সেই ওয়ালি হ্যামন্ড। কীর্তিমান তিনজন হলেও কীর্তি কিন্তু চারটি। ব্যাটসম্যানদের ব্যাটসম্যান ব্র্যাডম্যান সবার সঙ্গে ব্যবধানটা পরিষ্কার করে দিয়েছেন এখানেও। এক সিরিজে ট্রিপল সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরি করেছেন দুবার! প্রথমবার ১৯৩০ অ্যাশেজে, যে সিরিজ দিয়েই মূলত জন্ম ব্র্যাডম্যান নামক বিস্ময়ের। একটি ট্রিপল সেঞ্চুরির সঙ্গে সেবার দু-দুটি ডাবল সেঞ্চুরি করেছিলেন ব্র্যাডম্যান। হেডিংলিতে ৩৩৪, লর্ডসে ২৫৪, ওভালে ২৩২। দ্বিতীয়বারও ভুক্তভোগী ইংল্যান্ড, ১৯৩৪ অ্যাশেজে সেই হেডিংলিতেই ৩০৪, ওভালে ২৪৪। ব্র্যাডম্যানের দুবারের মাঝে, ১৯৩৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়লেন হ্যামন্ড। ২ টেস্টেরই সিরিজ ছিল, ক্রাইস্টচার্চে করেছিলেন ২২৭, অকল্যান্ডে অপরাজিত ৩৩৬। ক্লার্ক অবশ্য রেকর্ড বইয়ের খোঁজখবর এত রাখেন না। ব্র্যাডম্যান-হ্যামন্ডের পাশে বসতে পেরে খুশি। তবে অধিনায়কত্বের অল্প কদিনেই দল-অন্তঃপ্রাণের যে ভাবমূর্তি গড়ে উঠেছে, সেটার প্রকাশ থাকল কালকের প্রতিক্রিয়ায়ও, ‘আমি এটা জানতাম না, অবশ্যই বিশেষ একটা অর্জন। তবে রেকর্ড বই, পরিসংখ্যানে আমার তেমন আগ্রহ কখনোই ছিল না। দলের জয়ে অবদান রাখতে পারাটাই আসল। আর জয় এনে দেওয়া সব ইনিংসই বিশেষ কিছু।’ ব্র্যাডম্যান তো সর্বকালের সেরা, আর সেরাদের ছোট্ট তালিকায়ও থাকেন হ্যামন্ড। ক্লার্ক এখনো গ্রেটদের কাতারেই নাম লেখাতে পারেননি, জানিয়ে দিলেন নিজেকে নিয়ে ভাবনাও নেই তাঁর। তবে গ্রেটনেসের পথে যে এগোচ্ছেন, সেটা না বললেও চলছে! ওয়েবসাইট।