ব্র্যাডম্যানকে ছাড়িয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুযোগ থাকলে শ্রীলঙ্কার সবগুলো টেস্ট কলম্বোর এসএসসিতেই (সিংহলিজ স্পোর্টস ক্লাব) আয়োজনের ব্যবস্থা করতেন মাহেলা জয়াবর্ধনে। ক্যারিয়ারের ২৮টি টেস্ট সেঞ্চুরির ১০টিই যে এই ভেন্যুতে। এ মাঠে জয়াবর্ধনের দশম সেঞ্চুরিটি এল চলতি টেস্টের দ্বিতীয় দিনে। এই সেঞ্চুরি দিয়ে ডন ব্র্যাডম্যানের একটি রেকর্ড নিজের করে নিলেন জয়াবর্ধনে। সর্বকালের সেরা ব্যাটসম্যান ব্র্যাডম্যানেরও এমন এক ভেন্যুর সঙ্গে সখ্য ছিল। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে নয়টি সেঞ্চুরি আছে তাঁর। অবশ্য এই নয়টি সেঞ্চুরি ব্র্যাডম্যান করেছেন মাত্র ১১ টেস্টে, এসএসসিতে এটি জয়াবর্ধনের ২৩তম টেস্ট। ২০০৮ সালের আগস্টে ভারতের বিপক্ষে এসএসসিতে সেঞ্চুরি করে রেকর্ডটায় ভাগ বসান জয়াবর্ধনে। গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ইনিংসেই সুযোগ পেয়েছিলেন ব্র্যাডম্যানকে ছাড়িয়ে যাওয়ার। প্রথম ইনিংসে ৯২ আর দ্বিতীয় ইনিংসে ৯৬ রানে আউট হয়ে সেই সুযোগটা কাজে লাগাতে পারেননি। অবশেষে পরশু ১৭৪ রানের ইনিংস খেলে রেকর্ডটা নিজের করে নিলেন। এসএসসিতে তাঁর মোট রান ২৬৪১। এটাও একটা রেকর্ড।