ব্র্যাডম্যানকে ছাড়িয়ে গেছেন শচীন
শচীন টেন্ডুলকারের ভক্তরা মোহিত হয়ে অপেক্ষায় রয়েছেন তাঁর শততম আন্তর্জাতিক সেঞ্চুরি নিয়ে, কিন্তু তারা অনেকেই জানে না, একেবারে লোকচক্ষুর অন্তরালে ‘লিটল মাস্টার’ দারুণ একটি রেকর্ডের মালিক হয়েছেন। এই ক্রিকেট কিংবদন্তি তাঁর ক্যারিয়ারে টেস্ট সেঞ্চুরি করেছেন ৫১টি, ওয়ানডে ৪৮টি। প্রথম শ্রেণীর ঘরোয়া ক্রিকেটে তাঁর সেঞ্চুরির সংখ্যা ২৭টি। সব ধরনের ক্রিকেটে সব মিলিয়ে টেন্ডুলকার শতক হাঁকিয়েছেন ১২৬টি। ক্রিকেটের সর্বকালের সেরা তারকা স্যার ডন ব্র্যাডম্যান—যাঁর সঙ্গে শচীনের তুলনাটা সব সময়ই প্রকাশ্য; সেই ব্র্যাডম্যানের চেয়ে তাঁর সেঞ্চুরির সংখ্যা নয়টি বেশি। সব ধরনের ক্রিকেটে ব্র্যাডম্যানের মোট সেঞ্চুরি ১১৭টি। সর্বকালের সেরা হওয়ার পথে এটি অবশ্যই শচীনের দারুণ এক মাইলফলক।ব্র্যাডম্যানের সময় অবশ্য ওয়ানডে ক্রিকেট ছিল না। ডনের ১১৭টি শতকের ২৯টি এসেছে ৫২টি টেস্টে। বাকিগুলো এসেছে প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে। ৩৯ বছর বয়সে ব্র্যাডম্যান ক্রিকেটে তাঁর শততম সেঞ্চুরির মাইলফলক ছুঁয়েছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে শততম সেঞ্চুরির অপেক্ষায় রয়েছেন শচীন টেন্ডুলকার—এ মুহূর্তে তাঁর বয়স ৩৮। সূত্র: টাইমস অব ইন্ডিয়া