ব্র্যাডম্যানের চেয়েও এগিয়ে টেন্ডুলকার: জহির আব্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডন ব্র্যাডম্যান আর শচীন টেন্ডুলকার। নিঃসন্দেহে দুই যুগের দুই সেরা ব্যাটসম্যান। কিন্তু সর্বকালের সেরা কে? ব্র্যাডম্যান তাঁর বিস্ময়কর ৯৯.৯৪ ব্যাটিং গড়ের কারণে এখনো কোনো বিতর্ক ছাড়াই সর্বকালের সেরার আসনটি ধরে রেখেছেন। ক্রিকেটের অবিসংবাদিত এ কিংবদন্তির শ্রেষ্ঠত্ব সবাই মেনে নিলেও এ ক্ষেত্রে ব্যতিক্রম পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটিং প্রতিভা জহির আব্বাস। তিনি সর্বকালের এই শ্রেষ্ঠত্বের জায়গায় বেশ কিছুটা এগিয়ে রাখতে চান ভারতের ‘ওয়ান্ডার বয়’ শচীন টেন্ডুলকারকে।দীর্ঘ ২১ বছরের বর্ণিল ক্যারিয়ারে প্রায় সব কটি ব্যাটিং রেকর্ডই নিজের অধীনে নিয়ে এসেছেন টেন্ডুলকার। এখনো অবসরের চিন্তা দূরে থাক, যেন দিন দিন আরও তরুণ্যের আভায় দীপ্ত হয়ে উঠছেন ভারতের এই ব্যাটিং বিস্ময়। আর শচীনের এ ব্যাপারটিই সবচেয়ে অবাক করে জহির আব্বাসকে। তিনি বলেছেন, ‘দীর্ঘ ২১ বছর ধরে শচীন খেলছে। সে নিশ্চয়ই ব্র্যাডম্যানের চেয়ে এক ধাপ এগিয়ে রয়েছে। এত বছর খেলার পরও ভালো খেলার তৃষ্ণা এতটুকু কমেনি ওর। হাজার হাজার রান করেছে সে সেঞ্চুরিরও অর্ধশত হয়তো হয়েই যাবে কিছুদিনের মধ্যে, কিন্তু এখনো সে যেকোনো অভিষিক্ত ব্যাটসম্যানের মতো ভালো খেলার জন্য মুখিয়ে থাকে। তরুণ ব্যাটসম্যানদের ওর কাছ থেকে অনেক কিছুই শেখার আছে।’প্রথম শ্রেণীর ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি করা একমাত্র উপমহাদেশীয় ব্যাটসম্যান জহির আব্বাস। তবে ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৭৮টির বেশি টেস্ট খেলতে না পারার দুঃখটা এখনো তাড়িয়ে বেড়ায় তাঁকে। এ আক্ষেপ থেকে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের আবির্ভাবের সময়টাকেই দায়ী করেছেন তিনি। তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে যদি সত্তরের দশকে আবির্ভূত হতাম তাহলে আমি আরও বেশি টেস্ট খেলতে পারতাম। অনেক রান করতে পারতাম। সম্ভবত আমার আবির্ভাবটা ভুল সময়ে হয়েছে। তবে প্রথম শ্রেণীর ক্রিকেটে ১০০টি সেঞ্চুরি করার ব্যাপারটিও জহির আব্বাসকে গর্বিত করে। আর এ জন্যই তো ক্রিকেটে জহির আব্বাসের নামটি উচ্চারিত হয় এত সমীহের সঙ্গে।—টাইমস অব ইন্ডিয়া