ব্লাঁর হাতে ফরাসি ভাবমূর্তি
লঁরা ব্লাঁ কি আফসোস করছেন? ফেব্রুয়ারি মাসে ইন্টার মিলানের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নেবেন বলে। খারাপ ফল, বিশৃঙ্খলা, বিদ্রোহ—সব মিলিয়ে ফ্রান্স দলের এখন যে নৈরাজ্যকর অবস্থা, তাতে ব্লাঁ আফসোস করতেই পারেন।ফ্রান্স দলের অবস্থা এখন পাকিস্তান ক্রিকেট দলের মতো। কোচ-ফেডারেশন-খেলোয়াড়; কে কার কথা শোনে! কোচকে গালাগাল করে কেউ বহিষ্কৃত হচ্ছেন, আবার তার প্রতিবাদে ধর্মঘট করে কেউ অধিনায়কত্ব হারিয়ে বাদই পড়ে যাচ্ছেন। এমন চরম বিশৃঙ্খল দলকে গোছানোর বিশাল চ্যালেঞ্জ নিয়ে দলের দায়িত্ব নিতে যাচ্ছেন ১৯৯৮ বিশ্বকাপজয়ী দলের সদস্য ব্লাঁ।বিশ্বকাপের পর ব্লাঁর হাতে দায়িত্ব ছেড়ে ডমেনেখকে চলে যেতে হবে, এটা মোটামুটি জানাই ছিল। বিশ্বকাপের প্রথম গোল্ডেন গোল করা খেলোয়াড় ব্লাঁর সঙ্গে এর মধ্যে চুক্তিও করে ফেলেছে ফেডারেশন। ফেডারেশন-প্রধান জাঁ পিয়েরে এসকালেত্তেস বলছেন, এসব দুর্বিপাককে পেছনে ফেলে ব্লাঁ এক নতুন অধ্যায় শুরু করবেন, ‘লঁরা ব্লাঁকে কেন্দ্র করেই পুনর্গঠন করা হবে। একটা অধ্যায় আমরা শেষ করে ফেললাম। একজন কোচ হিসেবে, একজন মানুষ হিসেবে লঁরা ব্লাঁর ওপর আমার বিশ্বাস আছে।’ব্লাঁ কী করবেন, সেটা পরের বিষয়। কিন্তু আপাতত ফ্রান্স দলের চলমান এই দুর্যোগে বিচলিত বোধ করছেন সে দেশের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি। পুরো ব্যাপারটি তিনি বুঝতে চাইছেন। সে জন্য সারকোজি বিশেষ বৈঠকে ডেকে পাঠিয়েছেন দলের খেলোয়াড় থিয়েরি অঁরিকে। যদিও অঁরিকেই ফেডারেশন ‘অপরাধী’ মনে করছে, ফরাসি রেডিও আরএমসি জানাচ্ছে, অঁরির সঙ্গে আজ সকালেই এক ঘণ্টা মেয়াদি একটি বৈঠক করার কথা সারকোজির। এই বৈঠকের জন্য অঁরিকে দক্ষিণ আফ্রিকা থেকে আলাদাভাবে উড়িয়ে আনা হচ্ছে একটি বিশেষ বিমানে। গতকাল সন্ধ্যায় প্যারিসে পৌঁছে যাওয়ার কথা অঁরির।’যদিও প্রেসিডেন্টের কার্যালয় এই খবর নিশ্চিত করেনি। তা অঁরির সঙ্গে সারকোজির বৈঠক হোক আর নাই হোক, ফ্রান্সের মর্যাদা যে ফুটবল দল ধুলোয় মিশিয়ে এসেছে, তাতে সন্দেহ নেই দলের সদস্য ফ্লোরেন্ত মালুদারও।মালুদা বলছেন ‘আমরা খেলোয়াড়ি দিক থেকে যেমন ব্যর্থ হয়েছি, তেমনই খেলার বাইরে নিজেদের ভাবমূর্তি ধরে রাখতেও ব্যর্থ হয়েছি। পৃথিবীতে ফ্রান্স ফুটবলের ভাবমূর্তি ফিরিয়ে আনতে অনেক কষ্ট করতে হবে, আমি জানি না সেটা আদৌ সম্ভব কি না। আসলে পুরোপুরি একটা ধ্বংসযজ্ঞ হয়ে গেল।’ এএফপি, ওয়েবসাইট।