ব্লু পেলেন শাহরিয়ার নাফীস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরিয়ার নাফীস
শাহরিয়ার নাফীস

খেলাধুলায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ দীর্ঘ ১৫ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৮ জন সাবেক শিক্ষার্থীকে আজ শুক্রবার ব্লু পদক দেওয়া হলো। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিভিন্ন ক্যাটাগরিতে ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত সাবেক কৃতী খেলোয়াড়দের এই পদক দেওয়া হয়।
পদকপ্রাপ্তরা হলেন: ফুটবলে এস এম জাকারিয়া, মাসুদ রানা, ফিরোজ মাহামুদ হোসেন ওরফে টিটু, মনোয়ার হোসেন, উজ্জ্বল চক্রবর্তী, শাহানুর রহমান ও জালাল উদ্দিন; ক্রিকেটে দেবাশীষ কুমার ওরফে বর, খন্দকার মোশাররফ হোসেন, শাহরিয়ার নাফীস আহমেদ ও জহুরুল ইসলাম।
হকিতে এ পদক পেয়েছেন আশিকুজ্জামান, তাবিব-এ-নুর, রাহুল কান্তি রায়, হেদায়েতুল ইসলাম, তৌফিকুল ইসলাম, মোহাম্মদ আলী ভূঁইয়া, মওদুদুর রহমান ও আশিফুর রহমান চৌধুরী; অ্যাথলেটিকসে হাসান মাহমুদ শাহরিয়ার, শরিফুল আলম, শাহাদাত্ হোসাইন, রকিব দোজা আকন্দ, হাবিবুর রহমান ও রাসেল মিয়া।
ভলিবলে জেসমিন খান ও মাহমুদা খান; হ্যান্ডবলে তাসনুভা হক, নুসরাত শারমীন, শামীমা রিফাত, মীর আসিবুল হাসান, সায়মা মাহমুদা, ফারজানা আক্তার ভূঁইয়া, সেলিনা আক্তার ও আশরাফুন নাহার ওরফে ডায়না; টেবিল টেনিসে গৌতম কুমার দাস, ফারহানা ফারভীন ওরফে টুম্পা ও মৌমিতা আলম।
ব্যাডমিন্টনে রইছ উদ্দিন, আফসানা ফেরদৌস ও রুজমিলা হক; বাস্কেট বলে মোহাম্মদ আলী ইমরান, ইভাঞ্চ রোজারিও, বিপ্লব বড়ুয়া ও এমদাদুল হক এবং সাঁতারে আবদুল হালিম, বিষ্ণুপদ ঘোষ ও নিবেদিতা দাস।
পুরস্কার পেয়ে বর্তমানে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় শাহরিয়ার নাফীস আহমেদ বলেন, ‘১০ বছরের বিরতিতে ব্লু প্রদান করা হলেও আমরা আনন্দিত। সবাই ব্লু পায় না। এটা বিশ্ববিদ্যালয় পর্যায়ের খেলোয়াড়দের জন্য সর্বোচ্চ সম্মান। ব্লু নিয়মিত দেওয়া হলে শিক্ষার্থীরা খেলাধুলায় আগ্রহী হবে।’
ভালো মানের খেলোয়াড়দের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটায় ভর্তির সুযোগ দেওয়ার দাবিও জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পদক প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় মূলত লেখাপড়া, গবেষণা ও জ্ঞান অর্জনের জায়গা হলেও একজন শিক্ষার্থীকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে। তা না হলে জ্ঞান অর্জন সম্পূর্ণ হবে না।’
পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের একটি করে ব্লু-ব্লেজার ও সনদ প্রদান করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সহিদ আকতার হুসাইন, কোষাধ্যক্ষ কামাল উদ্দিনসহ ক্রীড়াবৃত্তি ও ট্রাস্ট ফান্ড কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এর আগে ১৯৮৭ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত মোট ৩৮ জন ক্রীড়াবিদ এ পুরস্কার পেয়েছিলেন।