ব্লেক আরেকবার
ইয়োহান ব্লেক আরও একবার জানান দিলেন, লন্ডন অলিম্পিকে স্বদেশি উসাইন বোল্টের রাজত্বে চ্যালেঞ্জ জানাতে তিনি প্রস্তুত। গত পরশু সুইজারল্যান্ডের লুসার্নে ব্লেক ১০০ মিটার জিতেছেন ৯.৮৫ সেকেন্ড সময় করে।জ্যামাইকার অলিম্পিক ট্রায়ালে ১০০ ও ২০০ মিটারে বোল্টকে হারানোর পর এটাই ছিল তাঁর প্রথম ট্র্যাকে নামা। লুসার্নে তেমন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখিই হতে হয়নি বিশ্ব চ্যাম্পিয়ন ২২ বছর বয়সী ব্লেককে। উষ্ণ ও রৌদ্রোজ্জ্বল সন্ধ্যায় এই জ্যামাইকান শেষ ৩০ মিটার দৌড়েছেন অনেকটা আয়েশি ঢঙে। ১০.০০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন তাঁরই আরেক স্বদেশি মাইকেল ফ্রেটার। একই সময় করেও তৃতীয় হয়েছেন ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর মার্ক বার্নস। রয়টার্স।লুসার্নে জ্যামাইকা আরেক স্প্রিন্ট সেনসেশনের দেখাও পেয়েছে। এখনো সেভাবে খ্যাতি না পাওয়া ২১ বছর বয়সী জেসন ইয়াং ২০০ মিটার জিতেছেন জ্যামাইকানদের মধ্যে বছরের তৃতীয় সেরা সময় করে। তিনি সময় করেছেন ১৯.৮৬ সেকেন্ড, যা তাঁর ক্যারিয়ার-সেরার (২০.৪২) চেয়ে আধ সেকেন্ডের কম। এ বছরে জ্যামাইকার হয়ে ২০০ মিটারে তাঁর চেয়ে দ্রুত দৌড়েছেন কেবল ব্লেক (১৯.৮০) ও বোল্ট (১৯.৮৩)।