ব্লেককে বোল্টের উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু ট্রেনিং পার্টনার বা বন্ধুই নন, উত্তরসূরিও বটে। আর উত্তরসূরিই বা কেন, ইয়োহান ব্লেক তো এখন বর্তমান বাস্তবতাও। উসাইন বোল্ট ভালো করেই জানেন, ১০০ ও ২০০ মিটারে এই গ্রহে ব্লেকের চেয়ে ভালো শুধু একজনই, তিনি নিজে। তা ছাড়া ১০০ মিটারের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নও ব্লেক। বন্ধু-প্রতিদ্বন্দ্বীকে তাই ‘শ্রদ্ধার্ঘ্য’ই জানাতে যাচ্ছেন বোল্ট। আগামী বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারে জ্যামাইকার ওয়াইল্ড কার্ডটা ব্লেককে ছেড়ে দিচ্ছেন বোল্ট, নিজে দৌড়াবেন জ্যামাইকান ট্রায়ালে। আগামী বছর ১০ থেকে ১৮ আগস্ট ১৪তম বিশ্ব অ্যাথলেটিকসের আসর বসবে মস্কোয়।ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব অ্যাথলেটিকস ফেডারেশনের (আইএএএফ) নতুন নিয়ম অনুযায়ী ওয়াইল্ড কার্ড পাওয়ার যোগ্যতা আছে দুজনেরই। এবারের ডায়মন্ড লিগ বিজয়ী হিসেবে বোল্ট আর বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে ব্লেক। তবে বাধা হয়ে দাঁড়িয়েছে আইএএফের আরেকটি নিয়ম, এক দেশ থেকে প্রতি ইভেন্টে সর্বোচ্চ একজনকেই দেওয়া যাবে ওয়াইল্ড কার্ড। অলিম্পিকে ইতিহাস গড়া বোল্ট ইউরোপ থেকে দেশে ফিরে জানালেন, ১০০ মিটারের ওয়াইল্ড কার্ডটা ব্লেকেরই প্রাপ্য, ‘আমার মনে হয়, গত বিশ্ব চ্যাম্পিয়নশিপটা জিতে ওয়াইল্ড কার্ড পাওয়ার অধিকারটা ব্লেক অর্জন করেছে। আমি সব সময়ই ১০০ মিটারের ট্রায়ালে দৌড়াতে চেয়েছি।’ আগামী গ্রীষ্মেই হবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের জ্যামাইকান ট্রায়াল।দেগুতে গত বিশ্ব চ্যাম্পিয়নশিপের ১০০ মিটারে আলোড়ন তুলেছিলেন বোল্ট, নতুন কোনো ইতিহাস গড়ে অবশ্য নয়, ডিসকোয়ালিফাইড হয়ে! ৯.৯২ সেকেন্ডে দৌড়ে সোনা জিতেছিলেন ব্লেক। এ বছর অবশ্য দুর্দান্ত ফর্মে আছেন বোল্ট। অলিম্পিক সোনা জয়ের পর ডায়মন্ড লিগ সিরিজেও ১০০ মিটারে সর্বোচ্চ পয়েন্ট জিতেছেন ২৬ বছর বয়সী গতিদানব। ২০০ মিটারে অবশ্য নিকেল অ্যাশমিডকে ছাড় দিচ্ছেন না বোল্ট। বোল্ট ওয়াইল্ড কার্ডের যোগ্য বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আর ডায়মন্ড লিগ বিজয়ী হিসেবে অ্যাশমিড। একজনকে বেছে নেওয়ার দায়িত্বটা জ্যামাইকান অ্যাথলেটিকস অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের (জেএএএ) ওপর ছেড়ে দিয়েছেন বোল্ট, ‘জেএএএ যে সিদ্ধান্ত নেবে, আমি তা মেনে নেব। দুজনের মধ্যে কে ওয়াইল্ড কার্ড পাবে তা তাদেরই বেছে নিতে হবে। জেএএএকে সিদ্ধান্ত নিতে হবে আমি ২০০ মিটারের ট্রায়ালেও দৌড়াব কি না।’ রয়টার্স।