ব্লেককে বোল্টের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবন্ত কিংবদন্তি হওয়ার পথে অনেক দূরই এগিয়ে গেছেন উসাইন বোল্ট। ১০০ মিটার স্প্রিন্টে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে পরিষ্কার করেছেন অমরত্বের পথটাও। কিন্তু ২০০ মিটারের শিরোপাটা হাতে না পাওয়া পর্যন্ত উত্সবটা যেন পরিপূর্ণতা পাচ্ছে না এই জ্যামাইকান অ্যাথলেটের। সর্বকালের সেরা হওয়ার পথে ২০০ মিটারের শিরোপাটা ধরে রাখাই যে এ মুহূর্তে পূর্বশর্ত হিসেবে দেখা দিয়েছে। বোল্ট কী পারবেন ২০০ মিটারে ১০০ মিটারের সাফল্যের পুনরাবৃত্তি করতে?১০০ মিটারের মতো ২০০ মিটারেও বোল্টের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী স্বদেশি ইয়োহান ব্লেক। অলিম্পিক শুরু হওয়ার আগে বোল্টের শিরোপা ধরে রাখা নিয়ে যেমন শঙ্কা ছিল, ব্লেককে নিয়ে ঠিক তেমনি ছিল প্রত্যাশা। জ্যামাইকান ট্রায়ালে এই ব্লেকই যে বোল্টকে ১০০ ও ২০০ মিটার—এই দুই ইভেন্টেই পরাজিত করেছিলেন। ১০০ মিটারের মূল লড়াইয়ে ব্লেক বোল্টকে পেছনে ফেলতে না পারলেও ২০০ মিটারের শিরোপা জিতে জ্বালা জুড়ানোর পরিকল্পনা এই মুহূর্তে তাঁর।উসাইন বোল্ট অবশ্য ওসব নিয়ে না ভাবারই পরামর্শ দিয়েছেন ইয়োহান ব্লেককে। তিনি জানিয়ে দিয়েছেন, ২০০ মিটারে শিরোপা জিতে ট্রায়ালের ডাবল প্রতিশোধ নেওয়ার প্রস্তুতিটাও শেষ করে এনেছেন তিনি। আর এই ২০০ মিটারের শিরোপাটা ধরে রাখলেই যে তিনি কিংবদন্তির কাতারে চলে যাবেন, এ কথা মানেন বোল্ট নিজেও।প্রতিদ্বন্দ্বী ইয়োহান ব্লেককে সতর্কবার্তাই ছুড়ে দিয়েছেন বোল্ট। তিনি তাঁকে জানিয়ে দিয়েছেন, ২০০ মিটার স্প্রিন্ট জিতে নেওয়ার কোনো সুযোগই বোল্ট তাঁকে দেবেন না।‘আমি ব্লেককে বলেছি, আমি কোনোভাবেই তাঁকে জেতার সুযোগ দেব না।’ উসাইন বোল্টের মন্তব্য।‘কথাটা পরিষ্কারভাবেই আমি ব্লেককে জানিয়ে দিয়েছি।’ নিজের মন্তব্যের পক্ষে আরও সুনির্দিষ্ট বোল্ট।তিনি বলেন, ‘জ্যামাইকার ট্রায়ালে ব্লেক যখন আমাকে হারিয়ে দিল, সেটা ছিল আমার জন্য সুস্পষ্ট সতর্কবার্তা।’বোল্ট বলে যান, ‘জ্যামাইকার ট্রায়ালে জেতার পর ব্লেক আমার কাছে এসে বলে, উসাইন, এটা অলিম্পিকের বছর। হেলাফেলার সময় সত্যিই আর নেই।’‘ওই ট্রায়ালে ব্লেক আমাকে হারিয়ে দেওয়ার পর আমি কোচের সঙ্গে দীর্ঘ সময় ধরে আলাপ করি। বোঝার চেষ্টা করি, কোথায় আমার সমস্যা। আমি এরপর থেকেই ওই সমস্যাগুলো নিয়ে কাজ করে আসছি।’ বলেছেন বোল্ট।এক দিক দিয়ে জ্যামাইকান ট্রায়ালকে শাপে-বর হিসেবেই দেখতে চান উসাইন বোল্ট। তিনি বলেন, ‘ওই ট্রায়ালে ব্লেক আমাকে হারিয়ে না দিলে নিজের দুর্বলতাগুলো আড়ালেই থাকত।’ তিনি আরও বলেন, ‘এদিক দিয়ে আমি ইয়োহান ব্লেকের কাছে দারুণ কৃতজ্ঞ।’২০০৯ সালের বিশ্ব অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ২০০ মিটার স্প্রিন্টে ১৯.১৯ সেকেন্ড টাইমিং করে বিশ্বরেকর্ড গড়েছিলেন উসাইন বোল্ট। সেই লড়াইয়ে অবশ্য ইয়োহান ব্লেক খুব একটা পিছিয়ে ছিলেন না। তাঁর টাইমিং ছিল ১৯.২৫ সেকেন্ড। ইয়োহান ব্লেকের অবশ্য বোল্টের প্রতি শ্রদ্ধার মাত্রাটা যথেষ্টই। অলিম্পিকের ১০০ মিটারে বোল্টের পরে থেকে দৌড় শেষ করে ব্লেক বলেন, ‘বোল্ট এই মুহূর্তে বিশ্বের দ্রততম মানব। আমি দ্বিতীয় দ্রততম। আমি এই লড়াইয়ে রুপা জিতেছি। নিজের প্রথম অলিম্পিকে এর চেয়ে ভালো আর কী আশা করতে পারি আমি?’তিনি বলেছিলেন, ‘বোল্টের পর দ্বিতীয় দ্রততম মানব হতে পারা সত্যিই দারুণ সম্মানের।’২০০ মিটার নিয়ে আগ বাড়িয়ে নিজের প্রত্যাশার কথা জানাননি ব্লেক। কেবল বলেছেন, ‘২০০ মিটার স্প্রিন্ট হবে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয়।’ বোল্টের বিপক্ষে লড়াইয়ে নামার আগে কূটনৈতিক মন্তব্যকেই সমীচীন মনে করেছেন তাঁর স্বদেশি ইয়োহান ব্লেক। ওয়েবসাইট।