ব্লেকের ৯.৬৯ সেকেন্ড
ডায়মন্ড লিগের লুসান মিটে জ্যামাইকার ইয়োহান ব্লেক ১০০ মিটার দৌড়ে ইতিহাসের তৃতীয় সেরা টাইমিং করে সোনা জিতেছেন। গতকাল বৃহস্পতিবার সুইজারল্যান্ডের লুসানে তিনি ৯.৬৯ সেকেন্ডে দৌড় শেষ করেন। ২০১২ লন্ডন অলিম্পিকের ১০০ ও ২০০ মিটারে রুপাজয়ী ইয়োহান ব্লেক গতকাল লুসানে সোনা জয়ের পর বিবিসিকে বলেন, ‘সারা সপ্তাহজুড়ে আমি অসুস্থ ছিলাম। ঈশ্বরকে ধন্যবাদ আমাকে সুস্থ করার জন্য। আমি আরও অনেক দিন দৌড়াব এবং দিন দিন আমি ভালোও করছি।’ যুক্তরাষ্ট্রের টাইসন গে আছেন ব্লেকের পরের অবস্থানে। এর আগে ১০০ মিটারে ব্লেকের সেরা টাইমিং ছিল ৯.৭৫ সেকেন্ড। লুসানে এর চেয়ে ০.০৬ সেকেন্ড কম সময়ে দৌড় শেষ করলেন তিনি। এ পর্যন্ত এটা তাঁর ক্যারিয়ারের সেরা টাইমিং। সঙ্গীর এই সাফল্যে উচ্ছ্বসিত বোল্ট বলেছেন, ‘জানতাম লুসানে ও ভালো করবে। আমি তো বলেই ছিলাম, ইয়োহান দ্রুতই দৌড়াবে। ট্রেনিংয়ের সময় আমি তাকে দেখেছি।’ বোল্ট স্বীকার করেছেন, ‘আমি ধারণা করেছিলাম ও ৯.৭২-এ শেষ করবে। কিন্তু ও আরও দ্রুত শেষ করেছে।’এদিকে দুই জ্যামাইকান বোল্ট ও ব্লেক সিদ্ধান্ত নিয়েছেন, এই মৌসুমে তাঁরা আর মুখোমুখি হবেন না। এর ফলে হতাশ হতে হলো লন্ডন অলিম্পিকের ছায়া দেখার আশায় থাকা সুইস দর্শকদের। তবে ২২ বছর বয়সী ব্লেক বলেন, ‘আমি যেকোনো দিনই উসাইনের সঙ্গে দৌড়াতে চাই। সে আমার ট্রেনিং পার্টনার। আমি তাঁর সঙ্গে দৌড়াতে ভালোবাসি।’ গতকাল বোল্ট নিজেও ২০০ মিটারে সোনা জিতেছেন। সময় নিয়েছেন ১৯.৫৮ সেকেন্ড।এর আগে ২০০৮ সালে স্বদেশি উসাইন বোল্ট ও যুক্তরাষ্ট্রের টাইসন গে ২০০৯ সালে ৯.৬৯ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটার শেষ করেন।