ব্লেজার পুড়িয়ে ক্রোর প্রতিবাদ
মার্টিন ক্রো রস টেলরের গুরু ও গুণমুগ্ধ—এটা জানাই ছিল। টেলরকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পরপরই ক্রিকইনফোতে জ্বালাময়ী এক লেখা লিখেছিলেন নিউজিল্যান্ডের সর্বকালের সেরা ব্যাটসম্যান বলে পরিচিত ক্রো। কিন্তু কাল জানা গেল, প্রতিবাদ জানিয়েছেন তিনি আরও তীব্রভাবে। নিউজিল্যান্ড ক্রিকেট থেকে পাওয়া নিজের ব্লেজারটিই পুড়িয়ে দিয়েছেন তিনি আগুনে।দ্য নিউজিল্যান্ড হেরাল্ড কাল জানিয়েছে আগের শুক্রবারই ব্লেজারে আগুন দিয়েই ক্রো নিজের টুইটারে লেখেন, ‘নিউজিল্যান্ড ক্রিকেটের ব্লেজার পুড়িয়ে ফেললাম, ৭ ডিসেম্বের, ২০১২, ওটা চিরশান্তিতে থাকুক।’ কিন্তু পরপরই টুইটার অ্যাকাউন্টটি ডিলিট করে দেন মার্টিন ক্রো। তবে তার আগেই নিউজিল্যান্ডের গলফার রায়ান ফক্স রিটুইট করেন ক্রোর বার্তাটি। এখন অবশ্য টুইটারে নেই ফক্সের রিটুইটটিও।ক্রো কেন ব্লেজারটি পুড়িয়ে ফেললেন সে কারণটি সম্পর্কে ইঙ্গিত দিয়েছে ক্রোর ঘনিষ্ঠ একটি সূত্র, ‘তাকে যাতে আর কখনো ওটা গায়ে চড়াতে না হয়!’ ক্রো নিজে এটা নিয়ে কথা বলতে রাজি হননি। শুধু জানিয়েছেন, ‘যথাবিহিত সম্মানের সঙ্গে বলছি...এ নিয়ে আর কোনো কথা নয়।’ক্রিকইনফোর কলামে নিউজিল্যান্ড ক্রিকেটকে (এনজেডসি) ধুয়েছিলেন ক্যানসারে আক্রান্ত ক্রো। এনজেডসিকে তাঁর কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে, কারণ, ‘এনজেডসি আমাদের সেরা খেলোয়াড় রস টেলরের আত্মাটাকেই ধ্বংস করে দিয়েছে। তাকে যে প্রক্রিয়ায় অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হলো তার জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত। যদিও জানি তারা তাঁর আত্মাটিকে বিচ্ছিন্ন করে ফেলেছে এবং এটি কৃত্রিমভাবে নিরাময় করা যায় না।’পরশু অবশ্য নিউজিল্যান্ড ক্রিকেট দুঃখ প্রকাশ করেছে টেলরের কাছে। টেলরও তা মেনে নিয়েছেন। ক্রিকইনফো, এএফপি, রয়টার্স।