ব্ল্যাকবার্ন রোভার্সের মালিক হতে যাচ্ছেন ভারতীয় ব্যবসায়ী
ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম প্রধান একটি ক্লাব ব্ল্যাকবার্ন রোভার্সের মালিক হতে যাচ্ছেন এক ভারতীয় ব্যবসায়ী। পরের মাস থেকেই ব্ল্যাকবার্নের দায়িত্ব নিতে পারবেন বলে আশাবাদী ৩৬ বছর বয়সী আহসান আলী সৈয়দ। ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে সৈয়দের প্রতিষ্ঠান ওয়েস্টার্ন গলফ অ্যাডভাইসরির কর্মকর্তাদের আন্তরিক ও গঠনমূলক আলোচনা সম্পন্ন হয়েছে বলে ক্লাবের ওয়েবসাইট সূত্রে জানা গেছে।এখন ক্লাবটির সঙ্গে মালিকানা চুক্তি সম্পন্ন হলে নতুন ফুটবলার কেনার জন্য ব্ল্যাকবার্ন কোচ সাম আলারদেসকে ১০০ মিলিয়ন পাউন্ড দেবেন বলে ঘোষণা দিয়েছেন এই ভারতীয় ব্যবসায়ী। লাভের আশায় নয়, বরং ফুটবলের প্রতি ভালোবাসা থেকেই এই বিনিয়োগে আগ্রহী হয়েছেন বলে জানিয়েছেন আহসান আলী সৈয়দ। তিনি বলেছেন, ‘আমি এখানে এ জন্য বিনিয়োগ করছি না যে দুই বছরে এখান থেকে মুনাফা করে চলে যাব। আমি ফুটবলের একজন অনুরাগী হিসেবে দীর্ঘ সময়ের জন্যই এখানে বিনিয়োগ করছি।’—রয়টার্স