ব্ল্যাটার আবারও?

ক্ষমতার স্বাদ এমনই। ফিফা সভাপতি পদে চতুর্থ দফায় নির্বাচনের আগে সেপ ব্ল্যাটার বলেছিলেন ‘এবারই শেষ’। কিন্তু মেয়াদান্তে এসে তা ভুলে গিয়ে ব্ল্যাটার বলছেন, ‘আরও একবার।’ কাল ৭৮ বছর বয়সী ফিফা সভাপতি জানিয়ে দিয়েছেন পঞ্চম দফা দায়িত্ব পালন করতে চান।
সেই ১৯৯৮ থেকে ফিফা সভাপতির পদ আঁকড়ে থাকা ব্ল্যাটার পঞ্চমবার নির্বাচন করার ইঙ্গিত দিয়েছিলেন গত ফেব্রুয়ারিতেই। সুইজারল্যান্ডের আরটিএসকে (রেডিও টেলিভিশন সুইস) বলেছিলেন, ‘না করার কারণ নেই। যদি আমি শারীরিকভাবে সুস্থ থাকি, এখন যেমন আছি, তাহলে কাজ বন্ধ করে দেওয়ার কোনো কারণ দেখি না।’ গতকাল সুইজারল্যান্ডেরই পত্রিকা ব্লিককে ব্ল্যাটার স্পট করেই বলেছেন, ‘আমি এটা করতে চাই। কারণ কিছু কাজ বাকি আছে। আমার মেয়াদ শেষের দিকে। কিন্তু আমার মিশন শেষ হয়নি।’ ব্রাজিল বিশ্বকাপ শেষে সাও পাওলোতে বসবে ফিফা কংগ্রেস। সেখানেই প্রার্থিতার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন ব্ল্যাটার।
ব্ল্যাটারের পূর্বপ্রতিশ্রুতি অনুযায়ী, এত দিন সভাপতি পদে প্রার্থী ছিলেন একজনই, ফিফার সাবেক সভাপতি ও কূটনীতিক ফ্রান্সের জেরম শ্যাম্পেন। কিন্তু ৫৫ বছর বয়সী শ্যাম্পেনের বুঝি নির্বাচন করা হচ্ছে না। তিনি নিজেই বলেছেন, তাঁর সাবেক গুরু ব্ল্যাটার প্রার্থী হলে তিনি সরে দাঁড়াবেন। তবে ব্ল্যাটার হয়তো খালি মাঠও পাবেন না। শ্যাম্পেনের স্বদেশি মিশেল প্লাতিনি ৭৮ বছর বয়সী ব্ল্যাটারকে ছুড়ে দিতে পারেন কঠিন চ্যালেঞ্জ। যদিও ২০০৭ থেকে উয়েফার সভাপতির দায়িত্ব পালন করে আসা ৫৮ বছর বয়সী প্লাতিনি নির্বাচনের ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলেননি। তবে অনেকেই প্লাতিনিকে ব্ল্যাটারের যোগ্য প্রতিদ্বন্দ্বী মনে করেন। প্লাতিনি নিজেও একাধিবার বলেছেন, একমাত্র তিনিই পারেন ব্ল্যাটারকে হারিয়ে দিতে। এএফপি।