ব্ল্যাটার-টনিকের খোঁজে বাফুফে
গত ১ ডিসেম্বর জুরিখে কাজী সালাউদ্দিনকে সাক্ষাৎ দিয়েছিলেন সেপ ব্ল্যাটার। তখন বাফুফে সভাপতি ফিফার শীর্ষ কর্তার কাছ থেকে কিছু প্রতিশ্রুতি আদায় করেছিলেন। ফিফা সভাপতি কথা দিয়েছিলেন মার্চে ঢাকা আসবেন। আসার তারিখটা পরশু নিশ্চিত করেছে ফিফা। কাল সালাউদ্দিন জানালেন, ‘৬ মার্চ সকালে দিল্লি থেকে ঢাকা আসছেন ব্ল্যাটার, এটা চূড়ান্ত।’বাফুফেকে ব্ল্যাটার ১০ হাজার বল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, এক হাজার বল এর মধ্যে এসেও গেছে। এটা ১০ হাজার বলের অতিরিক্ত। শিগগিরই ১০ হাজার বল পাওয়ার আশা করা হচ্ছে। এ ছাড়া অস্ট্রোটার্ফ এবং সিলেটে ফুটবল একাডেমির জন্য জিমনেসিয়াম ও টেকনিক্যাল সহযোগিতা দেওয়ার কথা বলেছিলেন ব্ল্যাটার। সালাউদ্দিনের আশা, ‘এসবও দ্রুত পেয়ে যাব।’আগামী ১৬ ফেব্রুয়ারি ঢাকায় আসছে ফিফার তিন সদস্যের প্রতিনিধিদল। এতে থাকছেন ফিফার এশিয়া অঞ্চলের উন্নয়ন কর্মকর্তা ডেভিড বোর্জা, টেকনিক্যাল কর্মকর্তা জিয়ান মিশেল ও সাজি প্রভাকরণ। গোল প্রজেক্টের অধীনে মতিঝিল বালুর মাঠে বসানো টার্ফের অগ্রগতি, বরিশালে প্রস্তাবিত ফুটবল প্রশিক্ষণকেন্দ্র, বাফুফের ভবিষ্যৎ পরিকল্পনা, বর্তমান হালচাল—সবকিছুই আলোচনায় আসবে। পাশাপাশি সিলেটে ফুটবল একাডেমির অগ্রগতি দেখতে সিলেট যেতে পারে দলটি।ব্ল্যাটারের সফরের আগে এটি আসলে ফিফার অগ্রবর্তী দল। তবে বাফুফের থেমে থাকা কর্মসূচিগুলো গতি পেতে পারে এঁদের এই সফরের মাধ্যমে। দ্বিতীয় গোল প্রকল্প (বালুর মাঠের টার্ফ) আজও শেষ না হওয়ায় তৃতীয়টা ঝুলে আছে। যত দ্রুত এটা শেষ হবে, তৃতীয় প্রকল্পটাও পাওয়া যাবে তত তাড়াতাড়ি।ফিফার গোল প্রকল্পে বালুর মাঠে অস্ট্রোটার্ফ বসানোর কাজটা বছর চারেক পর হলেও অবশেষে শুরু হয়েছে। এর ভিত্তি তৈরি হচ্ছে এখন। তবে সুনামির তহবিল থেকে বরিশালে ফুটবল প্রশিক্ষণকেন্দ্র গড়ার প্রকল্পটা আছে কাগজেই। অগ্রগতি বলতে শুধু সরকারি জমিই পাওয়া গেছে। যদিও ‘সরকার ইচ্ছা করলে জমি নিয়ে নিতে পারবে’ দলিলে লেখা এই ধারায় ফিফা আপত্তি জানিয়েছে। এটা সংশোধন করতে চিঠি চালাচালি চলছে মাস ছয়েক ধরে! এসব দীর্ঘসূত্রতায় ফিফার কাছ থেকে পাওনা আদায় করা যায় না। ফিফা দেওয়ার জন্য অপেক্ষা করে। নিজেদের সমস্যায় বাংলাদেশ নিতে পারে না!দ্বিতীয়বার বাংলাদেশ সফরে এসে ব্ল্যাটার এক দিন থাকবেন। ৭ মার্চ সকালে ভুটান যাওয়ার আগে ঢাকায় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ফিফা সভাপতি। ‘ওই দিন লিগে কোনো বড় ম্যাচ থাকলে ব্ল্যাটারকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে নেওয়ার পরিকল্পনা থাকবে’—বলেছেন সালাউদ্দিন।