ব্ল্যাটার বললেন, আমি সবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর ১৩ বছরের রাজত্ব ধসিয়ে দেওয়ার হুমকি এসেছিল। উল্টো ফিফা নির্বাচনে ভূমিধস জয় পেয়েছেন সেপ ব্ল্যাটার। পরশু জুরিখে ফিফার ৬১তম কংগ্রেসের শেষ দিনে আনুষ্ঠানিকভাবে আরও চার বছরের জন্য সভাপতি পদে নির্বাচিত হন এই সুইস। মোট ২০৩ ভোটের মধ্যে ১৮৬টি ভোট পেয়েছেন সভাপতি পদের একমাত্র পদপ্রার্থী ব্ল্যাটার।জয় তাঁর একরকম নিশ্চিতই ছিল। কিন্তু সাম্প্রতিক ঘটনাপ্রবাহের পর ব্ল্যাটারের পক্ষে কতজন ভোট দেন, সেটাই ছিল দেখার। প্রায় ৯২ শতাংশ ভোট পেয়ে ব্ল্যাটার প্রমাণ করে দিলেন, রাজত্বে সামান্য চিড় ধরে থাকতে পারে, কিন্তু সেটি তাঁর জন্য মোটেও দুশ্চিন্তার নয়।নির্বাচিত হওয়ার আগেই ব্ল্যাটার প্রতিশ্রুতি দিয়েছেন, ফিফার হারানো ভাবমূর্তি পুনরুদ্ধার করা হবে। নির্বাচিত হওয়ার পর প্রথম আনুষ্ঠানিক বক্তৃতায়ও বললেন, ‘ফিফার জাহাজটিকে আমরা আবারও পরিষ্কার ও স্বচ্ছ পানিতে ফিরিয়ে আনব। কিছুটা সময় লাগবে। কিন্তু আমরা অবশ্যই সেটা করব।’ব্ল্যাটারের এই কথাবার্তাও তাঁর বিরোধীদের জন্য এক ধরনের নৈতিক জয়। কারণ এই ব্ল্যাটারই দুই দিন আগেই বিস্ময় প্রকাশ করে বলেছিলেন, ‘সংকট, কিসের সংকট!’ ফিফার সংকট মানতেই রাজি ছিলেন না তিনি। কিন্তু নির্বাচিত হওয়ার পর ব্ল্যাটারই বলছেন, আগাপাছতলা পরিবর্তন আসন্ন।কোনো প্রতিদ্বন্দ্বী না থাকলেও একেবারেই যে বিনা চ্যালেঞ্জে ব্ল্যাটার নির্বাচিত হয়েছেন, তা-ও নয়। বরং শেষ মুহূর্তে নির্বাচন স্থগিতের একটি প্রস্তাব কংগ্রেসে এনেছিল ইংলিশ ফুটবল সংস্থা (এফএ)। যদিও ভোটাভুটিতে তাদের সেই প্রস্তাব ১৭২-১৭ ভোটে নাকচ হয়ে যায়। নতুন মেয়াদে নির্বাচিত হয়ে ব্ল্যাটার তাঁর বিরোধী পক্ষদেরও আস্থা ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন। বিপক্ষ শিবিরের বিরুদ্ধে কোনো রকম প্রতিহিংসামূলক পদক্ষেপ নেওয়া হবে না বলেও আশ্বস্ত করেছেন এই ৭৫ বছর বয়সী, ‘আমি সব সদস্য দেশেরই প্রেসিডেন্ট। যারা আমাকে ভোট দেয়নি তাদের প্রতি আমার কোনো বিরূপ মনোভাব নেই। এ নিয়ে তাদের উদ্বেগে থাকার কোনো কারণ নেই।’ এফএর প্রতি তাঁর বার্তা, ‘এফএ ফিফার ১ নম্বর সদস্য। ওরাই খেলাটি ১৮৬৩ সালে প্রতিষ্ঠিত করেছে। নিজেদের ফুটবল সংস্থা নামে পরিচয় দেওয়ার অধিকার তাদের আছে। বাকিদের জন্য তারা আদর্শ। তাই তাদের এই উদ্যোগে আমি বিস্মিতই হয়েছিলাম।’ এফএ-ও নবনির্বাচিত প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানিয়েছে। স্বাগত জানিয়েছে তাঁর পরিবর্তন নিয়ে আসার প্রতিশ্রুতিকে।ব্ল্যাটারের জয়ে উদ্ভাসিত হওয়ার দিনটা মোহাম্মদ বিন হাম্মামের জন্য যেন আরও হতাশায় তলিয়ে যাওয়ার। পরশুই পরিষ্কার হয়ে গেছে, এশিয়ারই একটা প্রভাবশালী অংশ আর হাম্মামের পেছনে নেই। খোদ ভারপ্রাপ্ত এএফসি প্রধান ঝেং জিলংয়ের কণ্ঠেও এখন হাম্মামের বিরুদ্ধে ‘বিপ্লবে’র সুর। তবে ‘লড়াই’ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন হাম্মাম, ‘গত কয়েক দিনে যা কিছু ঘটল তাতে আমি ভীষণ হতাশ এবং ব্যথিত। আমার নাম আর সম্মান যেভাবে ভূলুণ্ঠিত হয়েছে, সেটা কখনোই মেনে নেব না। আমার অধিকারের জন্য লড়াই চালিয়ে যাব। ভালো দিন আপনার জন্য সুখ বয়ে আনে আর খারাপ দিন বয়ে আনে অভিজ্ঞতা।’এবারের নির্বাচনে পাওয়া অভিজ্ঞতাটাকেই কি আগামী চার বছরে আরও শাণিয়ে নিতে চান হাম্মাম? এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।