ব্ল্যাটার সবই জানতেন!
জোয়াও হ্যাভেলাঞ্জ তাঁরই পূর্বসূরি। সেপ ব্ল্যাটার দায়িত্ব নেওয়ার আগে ২৪ বছর বিশ্ব ফুটবলের দণ্ডমুণ্ডের কর্তা ছিলেন হ্যাভেলাঞ্জ। এখন যখন এই ব্রাজিলিয়ান আর তাঁর সাবেক জামাতা রিকার্ডো টিসেরার বিরুদ্ধে খোদ আদালতই রায় দিলেন বিরাট অঙ্কের দুর্নীতির, বর্তমান ফিফা সভাপতি ব্ল্যাটার বলছেন, তাঁর হাত শেকলে বাঁধা। হ্যাভেলাঞ্জকে শাস্তি দেওয়ার ক্ষমতা তাঁর নেই।২০১৪ ব্রাজিল বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পাইয়ে দিতে আইএসএল (ইন্টারন্যাশনাল স্পোর্টস অ্যান্ড লেজার) নামের একটি প্রতিষ্ঠানের কাছে অবৈধ সুবিধা নেন হ্যাভেলাঞ্জ। সুইজারল্যান্ডের আদালত থেকে দেওয়া কাগজপত্রে দেখা গেছে, ফিফার সাবেক সভাপতি হ্যাভেলাঞ্জ ১৫ লাখ সুইস ফ্রাঁ (সাড়ে ১২ কোটি টাকা প্রায়) ঘুষ নিয়েছেন। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সাবেক প্রধান ও ফিফার নির্বাহী কমিটির সদস্য টিসেরা নিয়েছেন ১ কোটি ২৭ লাখ সুইস ফ্রাঁ (১০৫ কোটি টাকা)! নির্বাহী কমিটির ঘুষ-দুর্নীতির বিরাট এক ধাক্কা ফিফা সামলে নিতে না-নিতেই এল এই খবর।ব্ল্যাটার অবশ্য এটিকে ফিফার জন্য কোনো বড় আঘাত হিসেবে দেখছেন না। এমনকি এই ঘটনার জন্য ৯৬ বছর বয়সী হ্যাভেলাঞ্জকে জবাবদিহি করার এখতিয়ার তাঁর নেই বলেও জানিয়েছেন, ‘তাঁকে জবাবদিহি করার ক্ষমতা আমার নেই। ফিফা কংগ্রেস তাঁকে সাম্মানিক সভাপতি বানিয়েছে। কেবল কংগ্রেসই পারে তাঁর ব্যাপারে সিদ্ধান্ত নিতে।’ব্ল্যাটারের ক্ষমতা থাকলেও কোনো উদ্যোগ তিনি নিতেন বলে মনে হয় না। ১৯৯৮ সাল থেকেই ফিফাপ্রধানের দায়িত্ব পালন করা এই সুইস সংগঠক দাবি করেছেন, কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে যে ‘কমিশন’ হ্যাভেলাঞ্জ নিয়েছেন, সেটি সুইজারল্যান্ডের আগের আইনে অবৈধ কিছু ছিল না। আদালতের দলিলপত্রে এও দেখা গেছে, ব্রাজিলের এই দুই ক্ষমতাধর সংগঠক যে ঘুষ নিচ্ছেন, সেটি ব্ল্যাটার নিজেও জানতেন। এ ব্যাপারে প্রশ্ন করা হলে ব্ল্যাটার বলেছেন, ‘কী জানতাম? কমিশন যে দেওয়া হচ্ছে সেটা? সে সময় এ ধরনের লেনদেন ব্যবসায়িক ব্যয় হিসেবে কর থেকে কেটেও নেওয়া হতো। এখন হয়তো সেটা আইনের আওতায় শাস্তিযোগ্য। তবে বর্তমান আইন অনুযায়ী আপনি অতীতের কোনো ঘটনা বিচার করতে পারেন না। নৈতিকভাবে সেটা ঠিক হবে না। কোনো অপরাধ হচ্ছে বলে আমি জানতাম না, কারণ সেটা তো তখন অপরাধই ছিল না।’এ ঘটনার পর ব্ল্যাটারের ওপর নতুন করে চাপ তৈরি হয়েছে। যদিও ফিফার ওয়েবসাইটে বিবৃতি দিয়ে বলা হয়েছে, কোনো ধরনের আর্থিক লেনদেনের সঙ্গে ব্ল্যাটার জড়িত ছিলেন না। সুইস আদালতের আইনি প্রক্রিয়ায় শুধু ‘দুই বিদেশি’র নামই এসেছে। এএফপি।