ব্ল্যাটারও চান পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত সেই পুরোনো মুখ। আরও চার বছরের জন্য ফিফার সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন সেপ ব্ল্যাটার। কিন্তু ফিফা পরিবর্তনের ভেতর দিয়ে নতুন পথে হাঁটবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ব্ল্যাটার। ফিফার ভাবমূর্তি পুনরুদ্ধারের প্রতিশ্রুতিও তাঁর কণ্ঠে। তবে সবচেয়ে বড় পরিবর্তন ব্ল্যাটার আনতে চান বিশ্বকাপের আয়োজক নির্ধারণ-প্রক্রিয়ায়। ভবিষ্যতে ফিফার ২০৮ সদস্যের প্রত্যেকের ভোটে বিশ্বকাপের আয়োজক নির্ধারিত হবে।বর্তমান নিয়মে ফিফা বিশ্বকাপের আয়োজক ঠিক হয় নির্বাহী কমিটির ২৪ প্রভাবশালী সদস্যের ভোটে। এদের আটজনের বিরুদ্ধে আয়োজক নির্ধারণের ভোটাভুটির আগে ঘুষ খাওয়ার অভিযোগ উঠেছে এবার। মূলত ফিফা নিয়ে সাম্প্রতিক শোরগোলের কেন্দ্রেই ছিল ২০১৮ ও ২০২২ বিশ্বকাপ আয়োজক নির্ধারণ ভোট। অনেককেই চমকে দিয়ে ২০১৮ বিশ্বকাপের আয়োজনের ভার পায় রাশিয়া, ২০২২-এর আয়োজনের অধিকার পেয়ে আরও বেশি চমকে দেয় কাতার।এরপর জল গড়িয়েছে অনেক দূর। ফিফার ভোট শেষ পর্যন্ত হয় কিনা, এ নিয়ে সংশয় দেখা দিয়েছিল। গতকালও জমে উঠেছিল নাটক। ইংলিশ ফুটবল সংস্থা (এফএ) নির্বাচন স্থগিতের প্রস্তাব উত্থাপন করে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে ভোটাভুটি হলো। কিন্তু এফএর প্রস্তাবের পক্ষে ভোট পড়ল মাত্র ১৭টি, বিপক্ষে ১৭২!কাল সারা দিনই আসলে নিজের জন্য এ রকম একের পর এক সুখবর পেয়েছেন ব্ল্যাটার। আগের দিন খবর এসেছিল, ফিফার এশিয়ান সদস্যরা বেঁকে বসেছে। অনেকে কংগ্রেস বয়কটও করতে পারে। কিন্তু বিন হাম্মামের পরিবর্তে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করা ঝেং জিলং আগের অবস্থান থেকে সরে এলেন। কাল বরং হাম্মামের বিরুদ্ধেই লড়াইয়ের সুর শোনালেন তিনি, ‘এশিয়ার ফুটবলের আবহাওয়া স্বাস্থ্যকর কিছু নয়। হ্যাঁ, আমাদের দরকার বিপ্লব। বিন হাম্মাম ঘুষ নিয়েছেন বলে যে অভিযোগ উঠেছে, এ ধরনের কেলেঙ্কারি খেলাটার সৌন্দর্যহানি ঘটায়। স্বচ্ছতায় যিনি বিশ্বাস করবেন না, তিনি যে-ই হোন, মূল্য তাঁকে দিতেই হবে।’স্বচ্ছতা, জবাবদিহি, গণতন্ত্র—এসব কথা উঠে এসেছে ব্ল্যাটারের বক্তব্যেও। ভবিষ্যতে যাতে কোনো কেলেঙ্কারি না হয়, এ জন্য আয়োজক নির্ধারণের ক্ষমতা নির্বাহী কমিটির কাছ থেকে সরিয়ে সব সদস্য দেশের ওপর দিতে চান ব্ল্যাটার, ‘জাতীয় সদস্য দেশগুলোকে আমি আরও বেশি ক্ষমতা দিতে চাই। ভবিষ্যতে বিশ্বকাপের আয়োজক নির্ধারিত হবে ফিফা কংগ্রেসে। নির্বাহী কমিটি শুধু একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করে দেবে। কিন্তু তালিকার বাইরে কোনো ধরনের সুপারিশও করতে পারবে না। এরপর আয়োজক কারা হবে, সেটি নির্ধারণ করবে কংগ্রেস।’১৯৯৮ সাল থেকে ফিফার প্রধান হিসেবে দায়িত্ব পালন করে চলা এই ৭৫ বছর বয়সী সুইস প্রতিশ্রুতি দিয়েছেন, ‘পরিবর্তন আসবেই। শুধু ওপরে ওপরে নয়; আগাপাছতলা। আমাদের কিছু একটা করতেই হবে। কারণ আমি চাই না, ফিফার মতো সংগঠন আবারও এমন অসম্মানজনক পরিস্থিতিতে পড়ে।’কেন বড় ধরনের পরিবর্তনের প্রথম পর্যায়েই বিশ্বকাপের আয়োজক নির্ধারণ-প্রক্রিয়াকে সামনে আনা হচ্ছে, সেটির ব্যাখ্যাও দিয়েছেন। ব্ল্যাটারের মতে, সব ঝামেলার মূলে আছে বর্তমান ত্রুটিপূর্ণ প্রক্রিয়া।দেখাই যাক, ফিফার ইতিহাসে সবচেয়ে সফল এই সভাপতি তাঁর নতুন মেয়াদে অচলায়তন ভাঙতে পারেন কি না। এএফপি, রয়টার্স।