ব্ল্যাটারকে বরণের অপেক্ষা
ফুটবল ফেডারেশন ভবনের সামনের মাঠে শামিয়ানা টানাতে ব্যস্ত কর্মীরা। তৈরি হচ্ছে মঞ্চ। পাশেই বালুর মাঠে চলছে অ্যাস্ট্রো টার্ফ বসানোর কাজ। পুরো ভবনে চলছে ঘষামাজা, লেগেছে রঙের ছোঁয়া। চারদিকে একটা উৎসব-উৎসব ভাব। গত বছর সেপ্টেম্বরে লিওনেল মেসিদের আর্জেন্টিনা দল ঢাকায় এসে এমনই সাজিয়ে দিয়েছিল বাফুফেকে। বাফুফে আবারও সেই সাজে। উপলক্ষ—ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারের আগমন।এর আগেও এক দফা ঢাকায় এসেছিলেন ফিফার বর্তমান সভাপতি। ২০০৬ সালের এপ্রিলে এসেছিলেন এএফসি চ্যালেঞ্জ কাপ উদ্বোধন করতে। আজ দুপুরে নিজস্ব বিমানে দিল্লি থেকে সরাসরি ঢাকা এসে পৌঁছাবেন ব্ল্যাটার। বিকেলে ফুটবল ভবনে ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করবেন। উদ্বোধন করবেন বালুর মাঠের অ্যাস্ট্রো টার্ফ। একই সঙ্গে সিলেটে বাফুফের ফুটবল একাডেমির প্রতীকী উদ্বোধনও করবেন। এরপর জাতীয় সংসদ ভবনে সন্ধ্যায় সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। রাতে হোটেল সোনারগাঁওয়ে বাফুফে কর্মকর্তাদের সঙ্গে নৈশভোজে অংশ নেবেন। তাঁর সম্মানে সেখানে থাকবে ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান।ফিফা সভাপতির কাছ থেকে কী পাচ্ছে বাফুফে? ব্ল্যাটারের আগমন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অবশ্য সরাসরি না বলে ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী, ‘তাঁর কাছে চাওয়ার কিছু নেই। তবে অনেক কিছুই পাওয়ার আশা করছি। তাঁর মুখ থেকেই না হয় শুনবেন।’ তবে জানা গেছে একাডেমির জন্য খেলোয়াড় বাছাইপ্রক্রিয়ায় ফিফা দেবে কারিগরি সহায়তা। ফুটবলের উপকরণ, কোচ-ট্রেনারসহ পাওয়া যাবে যাবতীয় টেকনিক্যাল সমর্থন। সেই সঙ্গে আর্থিক অনুদান ও আরও দুটি অ্যাস্ট্রো টার্ফ পেতে পারে বাংলাদেশ। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন অবশ্য সরাসরিই বলেছেন, ‘ফিফা আমাদের ৭ লাখ ডলার আর্থিক সহায়তা দেবে। আর বরিশাল ও কক্সবাজারে অ্যাস্ট্রো টার্ফ নির্মাণ করবে।’ আরেকটা ব্যাপারও নিশ্চিত করেছেন সালাউদ্দিন, ‘ফিফার স্কাউটিং টিম এপ্রিলে খেলোয়াড় বাছাই শুরু করবে। এরপর আশা করি, আগামী ১ জুলাই ফুটবল একাডেমি চালু করতে পারব।’