ব্ল্যাটারকে স্বৈরশাসক বললেন হাম্মাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারকে স্বৈরশাসকদের সঙ্গে তুলনা করলেন মোহাম্মদ বিন হাম্মাম। সেই সঙ্গে এশিয়ার ফুটবল প্রধানের পদ ছাড়তেও অস্বীকৃতি জানিয়েছেন তিনি। সহকর্মীদের ধৈর্য ধরতে অনুরোধ জানিয়ে বলেছেন, প্রস্তুতি নিচ্ছেন এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আনা ঘুষ দেওয়ার অভিযোগকে সাংস্কৃতিক ভুল-বোঝাবুঝি হিসেবে অ্যাখ্যা দিয়েছেন ৬২ বছর বয়সী এই কাতারি।পরশু ব্রিটেনের স্কাই নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ব্ল্যাটারকে স্বৈরশাসকের সঙ্গে তুলনা করে হাম্মাম বলেন, ‘এটা আসলে স্বৈরশাসকদের কাজ। আপনারা ইতিহাসে দেখে থাকবেন, যখনই কোনো স্বৈরশাসক কাউকে তাঁর জন্য হুমকি মনে করেন, তাঁর প্রথম কাজই হয় ওই ব্যক্তিকে শেষ করে দেওয়া। তাঁরা যেকোনো অভিযোগ সাজিয়ে তাঁকে জেলে পাঠান অথবা এ ধরনের কিছু একটা করেন।’কাউকে ঘুষ দেননি, বরং দিয়েছেন উপহার। আর বিন হাম্মামের দাবি, এ ধরনের উপহার দেওয়াটা ফিফার মধ্যে একটি সাধারণ ঘটনা, ‘এটা খুবই স্বাভাবিক, স্বাভাবিক ঘটনা। আমি আবারও বলছি, যদিও এটা খুবই স্বাভাবিক ঘটনা কিন্তু আমি কাউকে কোনো অর্থ উপহার দেইনি।’ বিন হাম্মাম নিজের হাতঘড়ি দেখিয়ে বলেন, ‘এই ঘড়িটাও উপহার।’হাম্মাম নিশ্চিত করেছেন, প্রথম সুযোগেই ফিফার আপিল কমিটিতে আবেদন করবেন। যদিও ওই কমিটিতে তাঁর আস্থা নেই বললেই চলে। ফিফা তাঁর আপিল প্রত্যাখ্যান করলে সুইজারল্যান্ডের আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হবেন। সেখানে ন্যায়বিচার পাবেন বলেই বিশ্বাস হাম্মামের। এএফপি, রয়টার্স।