ব্ল্যাটারকে হুমকি রুমেনিগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিফাকে দুর্নীতিমুক্ত করতে সভাপতি সেপ ব্ল্যাটারকে তাড়া আগেও দিয়েছেন বায়ার্ন মিউনিখের প্রধান নির্বাহী কার্ল-হেইঞ্জ রুমেনিগে। এবার একরকম হুমকিই দিলেন। বললেন, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটিতে যা ঘটছে, এর সবকিছুরই দায়দায়িত্ব ফিফার প্রধান হিসেবে সেপ ব্ল্যাটারকেই নিতে হবে, নয়তো ‘বিদ্রোহের’ ঝুঁকি থাকবে।সাবেক জার্মান ফুটবল তারকা রুমেনিগে শুধু বায়ার্ন মিউনিখের প্রধান নির্বাহীই নন, ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনেরও (ইসিএ) প্রধান। এই জোরেই কদিন আগে ‘ফিফা সব নির্বোধ এবং অথর্ব লোকে ভরা’ জাতীয় কথাবার্তা বলে ফিফার কড়া সমালোচনা করেছিলেন। এবার সরাসরি ব্ল্যাটারকে আক্রমণ করে বসেছেন রুমেনিগে, ‘নিজের ঘরে যা ঘটছে তার দায়দায়িত্ব ফিফা সভাপতিকেই নিতে হবে। তাঁকেই নিশ্চিত করতে হবে যে সবকিছুই সঠিকভাবে হচ্ছে। এটি করতে হবে গুরুত্বের সঙ্গে এবং পরিচ্ছন্নভাবে।’তা না হলে যে বিদ্রোহ অনিবার্য সেই ইঙ্গিত দিয়েছেন রুমেনিগে মিসরের ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি হোসনি মুবারকের ঘটনাটা টেনে এনে, ‘(মিসরের ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি) হোসনি মুবারক এক বছর আগেও কল্পনা করতে পারেননি যে ক্ষমতা থেকে তাঁকে টেনে নামানো হবে।’ ফিফার যাবতীয় দুর্নীতির জন্য গত জুনে চতুর্থবারের মতো সভাপতি নির্বাচিত হওয়া ৭৫ বছর বয়সী ব্ল্যাটারও সমান দায়ী। রুমেনিগে স্পষ্টই বলেছেন, ‘ব্ল্যাটারের ভাবমূর্তি ভালো নয়। দেশে দেশে তাঁর সমালোচনা চলে। তাঁর সঙ্গে সমর্থকদের বড় ঝামেলাই আছে। উত্তরসূরির হাতে সবকিছু যাওয়ার কিংবা বিদ্রোহের মুখে পড়ার আগে সংস্কারের উদ্যোগ তাঁকে অবশ্যই নিতে হবে।’ রয়টার্স।