ব্ল্যাটারকে 'কমান্ডার' রোনালদোর বিদ্রূপের স্যালুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলের পর স্যালুট করছেন রোনালদো। কালকের ম্যাচের ছবি।
গোলের পর স্যালুট করছেন রোনালদো। কালকের ম্যাচের ছবি।

সেপ ব্ল্যাটারের কথা তাঁর বুকে আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য যথেষ্টই ছিল। ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তুলনা করতে গিয়ে তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে ব্ল্যাটার শুধু ভালোই বলেননি, রোনালদোর চুলের পেছনের খরচ নিয়ে টিপ্পনি কেটেছেন। সাংবাদিকদের সামনে রোনালদোর ভঙ্গি নকল করেও দেখিয়েছেন। রোনালদোর মেজাজি আচরণকে বোঝাতে গিয়ে বলেছেন, রোনালদো নাকি মাঠে ‘কমান্ডার’দের মতো।

সব ক্ষোভ রোনালদো যেন উগড়ে দিলেন সেভিয়ার বিপক্ষে। করলেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। আর এই হ্যাটট্রিক করার পথেই গোলের পর উদযাপন করতে গিয়ে ‘কমান্ডার’দের স্টাইলে একটা কড়া স্যালুট ঠুকেছেন। স্যালুটটা যে ফিফা সভাপতি ব্ল্যাটারকে পাল্টা জবাব দিতেই, এ নিয়ে কোনো সংশয় নেই।

এর আগে রোনালদো ব্ল্যাটারের সেই বক্তব্যের ভিডিও নিজের ফেসবুক পেজে পোস্ট করে মন্তব্য করেছিলেন, ‘আমাকে, আমার দেশ ও ক্লাবকে ফিফা কতটা সম্মান করে এই ভিডিওটাই সেটা বলছে। অনেক কিছুই এখন পরিষ্কার। আমি মি. ব্ল্যাটারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আশা করি, তাঁর প্রিয় ক্লাব ও খেলোয়াড়দের আরও অনেক সাফল্য তিনি দেখবেন।’

ব্যালন ডি’অর নিয়ে আরেকটি রোনালদো বনাম মেসি লড়াই যখন আসন্ন, সেই সময় খোদ ফিফা সভাপতি মেসিকে ‘ভালো মানুষ’, ‘বিনম্র’, ‘প্রত্যেক বাবা-মাই মেসির মতো সন্তান চায়’ মন্তব্য করেছেন। এ-ও বলেছেন, তিনি হলে মেসিকেই ভোট দিতেই। শুধু তা-ই নয়, ভালো খেলার পাশাপাশি বিনম্র ব্যবহারের কারণেই ফিফা বর্ষসেরার ভোটাভুটিতে মেসি বেশি ভোট পান বলে মন্তব্য করেছেন ব্ল্যাটার।

রোনালদোর ক্ষুব্ধ হওয়াই স্বাভাবিক। ব্ল্যাটার অবশ্য কালকের ম্যাচের আগেই রোনালদোর কাছে ক্ষমা চেয়ে বলেছেন, ‘তোমাকে আহত করা আমার উদ্দেশ্য ছিল না।’ তবে সেই ক্ষমাপ্রার্থনা যে রোনালদো কবুল করেননি, মাঠে বিদ্রূপের স্যালুট ঠুকে সেটাই বুঝিয়ে দিলেন।