ফিফা সভাপতি বললেন, আগামী তিন বছর বাফুফের ফুটবল একাডেমির দায়িত্ব ফিফার
ব্ল্যাটারময় ফুটবলের এক দিন
কখনো প্রাণখোলা হাসি। কখনো রসিকতা। কখনো চোখেমুখে ভাবগাম্ভীর্য। সেপ ব্ল্যাটার মানুষটাই এমন। ৭৬ ছুঁই ছুঁই বছর বয়সেও কর্মচঞ্চল। বাংলাদেশে দ্বিতীয় সফরেও নিজেকে এভাবে উপস্থাপন করলেন ফিফার সভাপতি।বাফুফে ভবনের খোলা চত্বরে তাঁকে জানানো হলো লালগালিচা অভ্যর্থনা। ২০০৬ সালের এপ্রিলে ঢাকায় এএফসি চ্যালেঞ্জ কাপ উদ্বোধন করতে এসেও তা পেয়েছিলেন। কাল এই উন্মুক্ত চত্বরেই মঞ্চ হলো। সংবাদ সম্মেলনও ওই মঞ্চেই; যেখানে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও সোনালী অতীত ক্লাব ক্রেস্ট উপহার দিল ২০৮টি দেশের ফুটবল-সাম্রাজ্যের প্রধানকে।পাশেই বালুর মাঠে বহু প্রতীক্ষিত কৃত্রিম টার্ফ উদ্বোধন করলেন ব্ল্যাটার। তাঁর সঙ্গে ছিলেন এএফসির ভারপ্রাপ্ত সভাপতি ঝ্যাং জিলং এবং এএফসির সহসভাপতি ও ফিফার সদস্য মনিলাল ফার্নান্ডো। বাংলাদেশের ফুটবলে সূচিত হলো নতুন দিগন্ত। পাঁচ বছর লাগলেও টার্ফটা অবশেষে বসাতে সক্ষম হয়েছে বাংলাদেশ। এ দেশে এটিই প্রথম টার্ফ।সকাল থেকেই সাজ সাজ রব ছিল বাফুফের ভবন চত্বরে। দুপুর ১২টা নাগাদ ব্যক্তিগত বিমানে ভারত থেকে ঢাকায় আসেন ব্ল্যাটার। বিকেল চারটার আগে তাঁর পা পড়ে বাফুফের ভবনে। বাফুফের নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে নিচের খোলা চত্বরে ব্ল্যাটারময় দেড় ঘণ্টার অনুষ্ঠান।এর আগেই ভবন চত্বরে ক্রীড়া লেখক সমিতির ছবি প্রদর্শনী ভিড় জমিয়ে তুলেছে। বাংলাদেশের ফুটবলের শুরু থেকে এ পর্যন্ত অনেক ছবি দেখলেন ফিফা প্রধান, যেটি তাঁর বর্ণনায় ‘ঐতিহাসিক’। একসময় ক্রীড়া সাংবাদিকতাও করতেন জানিয়ে ফিফা প্রধান এরপর হাসতে হাসতে বললেন, ‘আমি তো বিশ্ব ক্রীড়া সাংবাদিক সংস্থারও একজন সদস্য।’বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন। ছবি প্রদর্শনী দেখে প্রকাশ করলেন উচ্ছ্বাস, ‘এই প্রদর্শনী আমাকে পুরোনো দিনে ফিরিয়ে নিয়ে গেছে।’সালাউদ্দিনের মতো ব্ল্যাটারও বক্তব্য শুরু করলেন ‘স্লামালাইকুম’ বলে। তারপর গলায় উচ্ছ্বাস, ‘এই দিনটি শুধু বাংলাদেশের ফুটবলের জন্যই নয়, ফিফার জন্যও স্মরণীয়।’ বাফুফের ভবন চত্বরে অনেক সাবেক ফুটবলারের আগমন সে কথা মনেও করিয়ে দিচ্ছিল।ব্ল্যাটার কী দিলেন, সংবাদ সম্মেলন শেষে অনেকের মুখেই প্রশ্ন। আগেই জানা গিয়েছিল, বাফুফেকে একাডেমি বাবদ ফিফা থেকে সাত লাখ ডলার দেওয়ার ঘোষণা দেবেন। কিন্তু ব্ল্যাটার মুখে টাকার কোনো কথা উচ্চারণই করেননি। এই সফর উপলক্ষে খরচ প্রায় ৫০ লাখ টাকা। ব্ল্যাটারকে খুশি করার সব চেষ্টাই ছিল। পাওনা হিসেবে সিলেটে প্রস্তাবিত ফুটবল একাডেমির ব্যাপারে কিছু সুনির্দিষ্ট ঘোষণা শুনতে চেয়েছিল বাফুফে। কিন্তু ফিফা সভাপতি বললেন, আগামী তিন বছর একাডেমির দায়িত্ব ফিফার। এ মাসেই ফিফার উন্নয়নবিষয়ক কমিটির সভা আছে, সেখানেই বাদবাকি বিষয় চূড়ান্ত হবে। এরই ফাঁকে মঞ্চে সিলেট একাডেমির প্রতীকী উদ্বোধন করেন ব্ল্যাটার। একাডেমির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে আগামী জুন নাগাদ।ব্ল্যাটার একাডেমি নিয়ে বিস্তারিত বলতে মঞ্চে ডেকে আনেন ডেভিড বোর্জাকে। এ অঞ্চলে ফিফার উন্নয়ন কর্মকর্তা বললেন, ‘আমরা এই বিষয়টা নিয়ে কাজ করছি। সামনে আরও বিস্তারিত জানবেন। ২০১৪ সালে গোটা প্রকল্পটার পুনর্মূল্যায়ন হবে।’এক প্রশ্নে বাংলাদেশের মহিলা ফুটবলের উন্নয়নে আরও সহযোগিতার আশ্বাস ব্ল্যাটারের, ‘মেয়েদের ফুটবলের উন্নয়নে অর্থনৈতিক এবং কারিগরি সহায়তা আমরা দেব বাংলাদেশকে। তবে আসল কাজটা নিজেদেরই (বাফুফে) করতে হবে।’এই অঞ্চলে অদূর ভবিষ্যতে বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা আছে কি? থাকলে বাংলাদেশ কি সহ-আয়োজক হতে পারে না? প্রশ্নটা সরাসরি নাকচ না করলেও ঘুরিয়ে-ফিরিয়ে আগামী অন্তত কুড়ি বছরেও উপমহাদেশের সম্ভাবনা দেখছেন না ব্ল্যাটার, ‘২০৩০ সাল পর্যন্ত তো অপেক্ষা করতেই হবে। আর ফিফা আপাতত নীতিগতভাবে সহ-আয়োজনের পক্ষে নয়।’এক প্রশ্নে তাঁর উত্তর, ‘বাংলাদেশের ফুটবল ঐতিহ্যের কথা আমি জানি। সেই গৌরব ফেরাতে ফিফার সহযোগিতা থাকবে, তবে বাংলাদেশের ফেডারেশনকেই করতে হবে উন্নয়নকাজটা।’ সঙ্গে সংযোজন, ‘ফিফার শক্তিশালী বিপণন কমিটিতে আমরা কাজী সালাউদ্দিনকে রেখেছি। ফুটবল বিপণনে তিনি ব্যক্তিগতভাবে ভূমিকা রাখতে পারবেন।’বাংলাদেশে এখন ক্রিকেটের জনপ্রিয়তার কাছে ম্রিয়মাণ হয়ে পড়ছে ফুটবল। ব্ল্যাটারের কথায়ও বিষয়টা এসেছে। বাংলাদেশকে তিনি এগিয়ে চলার সাহসও জুগিয়েছেন, ‘সম্প্রতি বাংলাদেশ দল লেবাননকে হারিয়েছে, যে লেবানন এখন এশিয়ার বিশ্বকাপ বাছাইপর্বের শেষ পর্বে গিয়েছে।’ব্ল্যাটার তো জানেন না, জাতীয় দল নিয়ে বাফুফের কোনো পরিকল্পনাই এখন নেই!