ব্ল্যাটারের দিকে হাম্মামের তোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় বিশ্বের কোনো দেশের সাধারণ নির্বাচনের আমেজই যেন চলে আসছে ফিফায়! শুরু হয়ে গেছে চাপান-উতোর। ফিফার নির্বাহী কমিটির আরও ছয় সদস্যের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগকেই পুঁজি করতে চাইছেন মোহাম্মদ বিন হাম্মাম। অবশ্য নির্বাহী কমিটি কিংবা ফিফাকে নয়; এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) প্রধান বিন হাম্মামের অভিযোগের আঙুল সেপ ব্ল্যাটারের দিকে। বিন হাম্মাম বলছেন, ব্ল্যাটারই কলঙ্কিত করেছেন ফিফাকে।১ জুন ফিফা কংগ্রেসে একসময়ের দুই মিত্র হয়ে যাচ্ছেন পরস্পরের প্রতিপক্ষ। আরেক দফা সভাপতি নির্বাচিত হওয়ার পথে ব্ল্যাটারের একমাত্র বাধা এশিয়ার বিন হাম্মাম। ২০২২ বিশ্বকাপ এশিয়াকে দিয়েও ব্ল্যাটার এই মহাদেশ থেকেই বড় চ্যালেঞ্জের মুখে।১৯৯৮ সাল থেকে ফিফা প্রধানের দায়িত্ব পালন করে চলা ৭৫ বছর বয়সী ব্ল্যাটার অবশ্য সাম্প্রতিক সময়ে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। এর মধ্যে ফুটবলকে দুর্নীতিমুক্ত করতে ইন্টারপোলের সঙ্গে ২ কোটি ইউরো বাজেটের যৌথ একটি প্রকল্প শুরু করছে ফিফা। বিন হাম্মাম এই সূত্র ধরেই বলেছেন কীভাবে দুর্নীতি ঢুকে গেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির অভ্যন্তরে। ‘সাম্প্রতিক সময়ে আরও একবার পরিষ্কার হয়ে গেল, ফিফার ভাবমূর্তি পুনরুদ্ধারে জরুরি ভিত্তিতে কিছু পদক্ষেপ নেওয়ার প্রয়োজন দেখা দিয়েছে।’ বিন হাম্মাম অবশ্য সংস্থা হিসেবে ফিফাকে দুর্নীতিমুক্ত দাবি করলেন। তাঁর অভিযোগের তীর সংস্থার শীর্ষ ব্যক্তিটির দিকেই। একই সঙ্গে দাবি করেছেন, ২০২২ বিশ্বকাপ আয়োজক নির্বাচনে কাতার কোনো দুর্নীতি করেনি।পরোক্ষে বলেছেন ব্ল্যাটার ‘একনায়কতন্ত্র’ চালাচ্ছেন, ‘এখন ফিফা সভাপতি অনেক বেশি নির্বাহী সিদ্ধান্ত নিচ্ছেন। ইন্টারপোলকে যেমন ২ কোটি ইউরো দিলেন। এই সিদ্ধান্তও কিন্তু তিনি একাই নিয়েছেন। ফুটবলটা এখন কীভাবে চলছে, এটা স্রেফ একটি উদাহরণ।’ হাম্মামের প্রশ্ন, ‘এখন আমরা মানুষকে কী করে বোঝাব ফিফা সৎ একটি প্রতিষ্ঠান?’ উত্তরটাও তিনিই দিয়েছেন, ‘এ জন্য দরকার পরিবর্তন।’ এএফপি।