ব্ল্যাটারের প্রতিশ্রুতি
পুরো ব্রাজিল উত্তাল ক্ষোভের আগুনে। সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতির প্রতিবাদে রাজপথে নেমে এসেছে মানুষ। এর মধ্যেই চলছে কনফেডারেশনস কাপ। ব্রাজিলজুড়ে বিক্ষোভের উৎস কিন্তু এই ফুটবলই। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে যথেচ্ছ অর্থ ব্যয়ের কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার পরই শুরু হয় এই প্রতিবাদ!
বিশ্বকাপের জন্য প্রায় ১৫০০ কোটি ডলার খরচ হবে। এই বিপুল অর্থের জোগান ব্রাজিলের মতো দেশের জন্য বিরাট এক বোঝাই। তবে ব্ল্যাটার একটা আশার আলো দেখিয়েছেন ব্রাজিলকে, ‘আমরা দক্ষিণ আফ্রিকাতে ১০ কোটি ডলারের একটা বিশেষ তহবিল রেখে গিয়েছিলাম। এই তহবিলটা এখন দক্ষিণ আফ্রিকা ফুটবল অ্যাসোসিয়েশন, সে দেশের সরকার ও ফিফা দেখভাল করছে। আমি নিশ্চিত এর সমান, হয়তো এর চেয়েও বড় তহবিল আমরা এখানে রেখে যেতে পারব।’ এএফপি।
তবে এত বিতর্কের মধ্যেও টুর্নামেন্ট নিয়ে ব্ল্যাটার উচ্ছ্বসিত। রিও ডি জেনিরোর সংবাদ সম্মেলনে ব্ল্যাটার সেরা বলে রায় দিলেন ব্রাজিলকেই, ‘সহজেই বলে দেওয়া যায়, এটাই কনফেডারেশনস কাপের সেরা আয়োজন। টুর্নামেন্টটা এমন এক পরিস্থিতিতে হচ্ছে যখন ব্রাজিলজুড়ে সামাজিক অস্থিরতা, উত্তাল ক্ষোভের আগুন চরমে। কিন্তু আবেগ দিয়ে ফুটবল তার ইতিবাচক ভূমিকা এখানে রেখেছে।’ যাঁরা খেলা দেখেছেন, তাঁদের অনেকেই অবশ্য একমত হবেন ফিফা সভাপতির সঙ্গে। চোখ ধাঁধানো গোল, দুর্দান্ত কিছু ম্যাচ—এই টুর্নামেন্টকে মানুষ অনেক দিনই মনে রাখবে! এএফপি, ওয়েবসাইট।