ব্ল্যাটারের প্রত্যাশা দুর্দান্ত বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংগীতটাই ব্রাজিলিয়ান দর্শকেরা এত সময় নিয়ে গাইল যে, ফাইনাল শুরু হতে দেরি হলো পাক্কা দুই মিনিট! শুরু থেকে শেষ পর্যন্ত ৭০ হাজারেরও বেশি দর্শকের গর্জন তো ছিলই। শুধু ব্রাজিল-স্পেন ফাইনাল বলে নয়, মারাকানার আবহটাই যে এমন। এখানে খেলা দেখতে এসে চুপ করে বসে থাকার নিয়ম নেই!
মারাকানার এই রূপে মুগ্ধ ফিফার সভাপতি সেপ ব্ল্যাটার। মাঠে বসে ফাইনাল দেখা ব্ল্যাটারের কণ্ঠে তাই ব্রাজিলিয়ান দর্শকদের জন্য উচ্ছ্বসিত প্রশংসা, ‘আমি এত বছরে এমন অভূতপূর্ব দৃশ্য আর দেখিনি। মারাকানা অন্য সব মাঠের চেয়ে আলাদা। এর গর্জনটাই অন্য রকম। আর সমর্থকেরাও অসাধারণ। তারা গোঁড়া নয়, চমৎকার।’
শুধু ফাইনালে নয়, টুর্নামেন্টের সব ম্যাচেই ব্রাজিলিয়ান দর্শক-সমর্থকদের এই উচ্ছ্বাস দেখেছে বিশ্ব। মাঠের বাইরে তারা সরকারবিরোধী আন্দোলনে উত্তাল, কিন্তু সে কারণে টুর্নামেন্টের একটা ম্যাচও পণ্ড হয়নি। বরং মাঠে সেই চিরচেনা ব্রাজিল সমর্থক, ফুটবল যাদের প্রথম প্রেম, জীবনযাপনের অংশ। আর এমন সমর্থক আছে বলেই সব সমস্যা জয় করে ব্রাজিল সামনের বছর এক দারুণ বিশ্বকাপ উপহার দেবে বলে বিশ্বাস ফিফার সভাপতির, ‘হ্যাঁ, এখনো কিছু সমস্যা আছে। কিন্তু এগুলোর সমাধান হয়ে যাবে এবং পরের বছর একটা অসাধারণ বিশ্বকাপ হবে।’ এএফপি।