ব্ল্যাটারের সমালোচনায় ডেভিড ক্যামেরন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণবাদ নিয়ে বিতর্কিত মন্তব্য করে ফুটবল অঙ্গনে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ফিফার সভাপতি সেপ ব্ল্যাটার। ব্রিটেনের খেলোয়াড়দের সংগঠন থেকে তাঁর পদত্যাগও দাবি করা হয়েছে। এবার সেই সমালোচকদের সঙ্গে যোগ দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও। ব্ল্যাটারের মন্তব্য খুবই আতঙ্কজনক বলে অভিহিত করেছেন ক্যামেরন। এ ছাড়া ৭৫ বছর বয়সী ব্ল্যাটারের পদত্যাগ দাবি করেছেন ইংল্যান্ডের ক্রীড়ামন্ত্রী হিউজ রবার্টসন।সাম্প্রতিক সময়ে ইংলিশ প্রিমিয়ার লিগে বর্ণবাদী মন্তব্য করার জন্য অভিযুক্ত হয়েছেন উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ ও ইংল্যান্ডের অধিনায়ক জন টেরি। এঁদের বিরুদ্ধে তদন্ত চলাকালে বেফাঁস মন্তব্য করে বসেছেন ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সভাপতি সেপ ব্ল্যাটার। তিনি বলেছিলেন, ‘ফুটবলে কোনো বর্ণবাদ নেই। হ্যাঁ, এমন কিছু ভঙ্গি বা শব্দ হয়তো উচ্চারণ করা হয়, যেটি ঠিক নয়। তবে যে খেলোয়াড় এর শিকার হয়, তার উচিত এটা খেলারই অংশ ধরে নিয়ে হাত মিলিয়ে ঘটনা মিটমাট করে ফেলা।’ ব্ল্যাটারের এ মন্তব্যের পরই সমালোচনার ঝড় ওঠে ফুটবল অঙ্গনে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন গতকাল বলেছেন, ‘বর্ণবাদকে খেলারই অংশ ধরে নেওয়ার পরামর্শটা খুবই আতঙ্কজনক। গোটা সমাজ থেকেই বর্ণবাদকে উত্খাত করার জন্য অনেক কাজ করা হচ্ছে। উচ্চপর্যায়ের অনেক ক্রীড়াবিদও এ নিয়ে কাজ করছেন। এ অবস্থায় ক্রীড়াঙ্গনে বা ফুটবলে বর্ণবাদ নেই, এমনটা ধরে নিয়ে আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই।’ ইএসপিএন।