ব্ল্যাটারের সেরা লা লিগা
কোন ফুটবল লিগ সেরা—প্রশ্নটা ছেড়ে দিলে ইংলিশদের গলার আওয়াজটাই বেশি পাবেন। ফুটবলের বাজারও বলছে, ইংলিশ প্রিমিয়ার লিগই সেরা। সবচেয়ে বেশি টাকার লেনদেন তো এখানেই হয়।কিন্তু যদি ফুটবলীয় মানের কথা বলা হয়? ইংলিশরা এখানেও নিজেদের লিগটাকেই সেরা বলে দাবি করবে। মাঝেমধ্যে ইংলিশ মিডিয়াও বিদেশি খেলোয়াড়দের মুখ দিয়ে বলায়, ‘ইংলিশ লিগই সেরা।’ যদিও সেপ ব্ল্যাটার মনে করছেন, এ মুহূর্তে বিশ্বের সেরা লিগটি ‘প্রিমিয়ার’ নয় ‘প্রিমেরা’। মানে স্প্যানিশ লিগ।সদ্য নির্বাচিত ফিফা-ফিফপ্রো বর্ষসেরা একাদশের আটজনই স্প্যানিশ লিগে খেলেন। এঁদের মধ্যে ছয়জনই স্পেনের জাতীয় দলের। শুধু তা-ই নয়, এ মুহূর্তে বিশ্বের শীর্ষ লিগগুলোর মধ্যে স্পেনেই সবচেয়ে বেশি স্থানীয় ফুটবলার খেলেন। বার্সেলোনার যুব প্রকল্প তো রীতিমতো বাকি সবার জন্য একটা উদাহরণই হয়ে থাকল।এসব উদাহরণ দিয়ে ফিফা সভাপতি বলছেন, ‘এটা অবশ্যই এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী লিগ। স্পেনের প্রথম একাদশের দিকে তাকান, ওরা সবাই কিন্তু স্পেনের লিগেই খেলে। স্প্যানিশ লিগে সবচেয়ে বেশি স্থানীয় ফুটবলার খেলছে।’ইংলিশ প্রিমিয়ার লিগ ইংল্যান্ডের ফুটবলে কতটা উপকারে আসছে—এই প্রশ্ন অবশ্য ব্ল্যাটারের আগেই করেছেন অনেকে। গত বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে ইংল্যান্ড হোঁচট খাওয়ার পর সেই আলোচনা আবারও শুরু হয়ে গেছে। ইংলিশ ফুটবলে উঠতি তারকার সংখ্যাও আশাবাদী হওয়ার মতো নয়। এবারের ফিফা-ফিফপ্রো একাদশে একজনও ইংলিশ ফুটবলার ঠাঁই পাননি। শুধু তা-ই নয়, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা দ্রগবা-কালুরাও তাতে নেই। বাজারের চাহিদার দিক দিয়ে এগিয়ে থাকতে পারে, টিভির টিআরপির গ্রাফও হতে পারে উচ্চমুখী; তার পরও ব্ল্যাটার মনে করছেন, প্রিমেরা লিগের কাছ থেকে অনেক কিছু শেখার আছে প্রিমিয়ার লিগের।‘প্রিমিয়ার লিগের বাজারদর সবচেয়ে ভালো। লিগটাও মন্দ নয়। অনেক ভালো ভালো খেলোয়াড়ও এতে খেলে। কিন্তু বিশ্বসেরা একাদশে যখন ওদের একজন ফুটবলারও সুযোগ পেল না, আমি মনে করি, ওদের ভাববার সময় এসেছে, কোথাও কোনো গলদ হলো কিনা’—সিএনএনকে বলেছেন ব্ল্যাটার। লিওনেল মেসিকেও শুভেচ্ছা জানিয়েছেন ফিফা সভাপতি। যোগ্যতম খেলোয়াড়ের হাতেই পুরস্কারটি উঠেছে বলে মন্তব্য করেছেন তিনি। শুধু তা-ই নয়, এক দিক দিয়ে মেসিকে ম্যারাডোনার চেয়েও এগিয়ে রাখছেন ব্ল্যাটার—ব্যক্তিজীবনে শৃঙ্খলা। ব্ল্যাটারের মতে, বড় ফুটবলার হতে গেলে প্রতিভার পাশাপাশি শৃঙ্খলাটাও জরুরি, ‘মেসি অসাধারণ এক ফুটবলার, এবং খুব ভালো একটা ছেলে। ও আসলেই খুব বিনয়ী। মেসির সঙ্গে ম্যারাডোনার তুলনা যখন করি, দুজনই অসাধারণ, এর চেয়ে ভালো ফুটবলার আর হতে পারে না, কিন্তু পার্থক্যটা হলো ব্যক্তিগত শিক্ষা আর চারিত্রিক বৈশিষ্ট্যের জায়গায়।’ ওয়েবসাইট।