ব্ল্যাটারের 'ভুল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেপ ব্ল্যাটার
সেপ ব্ল্যাটার

হতে পারেন সেপ ব্ল্যাটার ফিফা সভাপতি, তিনিও তো মানুষ। ভুল তো করতেই পারেন। সমস্যা হচ্ছে, ব্ল্যাটার এমন একটা ভুল এতদিন পর স্বীকার করেছেন, যেটি সংশোধন করতে গেলে ফুটবল-বিশ্বে মহা তোলপাড় হবে৷ কাতারকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়াটা ভুল হয়েছে—এমন কথা স্বীকার করার পর ফুটবলের বিশ্ব সংস্থার প্রধানের দায়িত্ব এড়ানোর সুযোগ নেই৷
২০১০ সালে কাতারকে ২০২২ বিশ্বকাপের আয়োজনভার দেওয়ার পর থেকেই বিতর্কের শুরু। জুন-জুলাই মাসে মধ্যপ্রাচ্যের দেশটির তাপমাত্রা থাকবে প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস। অসহনীয় গরমে খেলা প্রায় অসম্ভব চিন্তা করে ফিফা বিশ্বকাপ জানুয়ারিতে সরিয়ে নেওয়ার প্রস্তাব করেছে। সেটা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সবকিছু মিলিয়ে ব্ল্যাটারের কাছে প্রশ্ন উঠেছিল কাতারকে বিশ্বকাপের স্বাগতিক করে ফিফা ভুল করেছে কি না। ‘হ্যাঁ, অবশ্যই। ভুল তো সবাই করে’— ব্ল্যাটারের জবাব। গতকাল এক সুইস রেডিওকে তিনি ব্যাখ্যা দিয়েছেন, ‘কাতারের টেকনিক্যাল কমিটি বলেছিল, গ্রীষ্মে খুব গরম হবে। কিন্তু ফিফার নির্বাহী কমিটি সংখ্যাগরিষ্ঠ ভোটে এই সিদ্ধান্ত নিয়েছে।’ পরে বলেছেন, কাতারে বিশ্বকাপ হলে সেটা শীতকালেই হতে হবে।
ফিফা সভাপতিকে নিয়ে সমালোচনাও শুরু হয়ে গেছে। সাবেক ইংলিশ ফুটবলার গ্যানি লিনেকার টুইট করেছেন, তিনি দিব্যদৃষ্টিতে দেখতে পাচ্ছেন ব্ল্যাটার তাঁর পদত্যাগপত্র তৈরি করছেন। তেমন কিছু কি আদৌ হবে ? এএফপি ও ওয়েবসাইট।