ঢাকা টেস্টে অনেক অবিচার হয়েছে। মাঠে ‘বিচার’ করার ক্ষমতা যাঁদের, অবিচারও তো শুধু তাঁরাই করতে পারেন। আম্পায়ারদের ক্ষেত্রে অবশ্য ‘অবিচার’ না বলে বলা উচিত ‘ভুল’। আর ভুল করলে কোনো না কোনো দলের প্রতি অবিচার হবেই। এই টেস্টে যেমন হয়েছে বাংলাদেশের প্রতি।আইসিসি প্রেসিডেন্ট ডেভিড মরগানের কথার সঙ্গে পুরোপুরি একমত—এলিট প্যানেলের আম্পায়াররা কেউই পক্ষপাতদুষ্ট নন। সেটি যে হবে নিজের পায়ে নিজে কুড়াল মারা। আম্পায়ারিংটা তাঁদের ক্যারিয়ার এবং খেলোয়াড়দের মতো তাঁদের পারফরম্যান্সও থাকে আতশকাচের নিচে। এটাও তাঁদের অজানা নয় যে, টেলিভিশনের এই যুগে ভুল করে পার পেয়ে যাওয়ার কোনো উপায়ই নেই। আসল ঘটনা হলো—খেলোয়াড় যেমন ভালো-মন্দ হয়, আম্পায়ারও তাই। ঢাকা টেস্টে যা হলো, সেটি পক্ষপাতদুষ্ট আম্পায়ারিং নয়, অদক্ষ আম্পায়ারিং। কাল টিভি আম্পায়ার নাদির শাহ জোনাথন ট্রটকে বিতর্কিত রানআউট দিয়ে পূর্ণ করলেন যেটির ষোলকলা। ঢাকা টেস্টে অবিচারের কথা বলছিলাম। এই টেস্টে সবচেয়ে বড় অবিচারটা হলো সাকিব আল হাসানের প্রতি। অবাক হচ্ছেন? পরাজিত দলে থেকেও ম্যান অব দ্য ম্যাচ, তার পরও অবিচারের কথা আসছে কোত্থেকে! হ্যাঁ, অবিচার হয়েছে। ম্যান অব দ্য ম্যাচ তো এই টেস্টে সাকিবের প্রাপ্য স্বীকৃতি। সেটি তাঁকে না দিয়ে উপায় ছিল না। কিন্তু এই টেস্টে নিজেকে যেভাবে উজাড় করে দিলেন, তাতে তিন-তিনটি মাইলফলকের একেবারে কাছ থেকে ফিরে আসতে হওয়াটাকে বলতে হচ্ছে ক্রিকেট-বিধাতার চূড়ান্ত অবিচার।ব্যাটিংয়ে দুই ইনিংসে ৪৯ ও ৯৬। ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৬৬ ওভার বোলিং করে ৪ উইকেট। সেঞ্চুরি আর ফিফটি, সঙ্গে ৫ উইকেট—এটা হলে এই টেস্টে সাকিবের অতিমানবীয় পারফরম্যান্সের প্রতি অন্তত কিছুটা সুবিচার হতো। ও হ্যাঁ, ব্যাটিং-বোলিংয়ের সঙ্গে দলকে নেতৃত্ব দেওয়ার ‘সামান্য’ কাজটাও করতে হয়েছে সাকিবকে। ‘অতিমানবীয়’ বিশেষণটা শুধু রান আর উইকেটের কারণে নয়। টেস্ট ক্রিকেট এর চেয়েও দুর্দান্ত অনেক অলরাউন্ড পারফরম্যান্স দেখেছে। একই টেস্টে সেঞ্চুরি ও ১০ উইকেট আছে ইয়ান বোথাম ও ইমরান খানের। দুই ইনিংস মিলিয়ে এক শর বেশি রান ও ১০ উইকেট অ্যালান ডেভিডসনেরও। কিন্তু এই টেস্টে সাকিবের বিচার তো শুধু রান আর উইকেটে হবে না। সময় হিসাব করলে দেখা যাবে পাঁচ দিনের এই টেস্টে চার দিনই মাঠে ছিলেন। কাল লাঞ্চের পর ৯৬ রানে আউট হলেন। সেঞ্চুরি হারানোর দুঃখ তো আছেই, সঙ্গে টেস্ট ড্র করার এমন একটা সুযোগ হারানোর দুঃখও। অথচ সেই দুঃখে কাতর হওয়ার সময়ও পেলেন না, সঙ্গে সঙ্গেই নেমে পড়তে হলো মাঠে।এই টেস্টে সাকিবকে দেখতে দেখতে ভিনু মানকড়ের কথা খুব মনে পড়ছিল। সেই কবেই গত হয়েছেন ভারতীয় অলরাউন্ডার। হঠাৎ তাঁর কথা মনে পড়বে কেন? প্রথম কারণ তো অবশ্যই এটা যে, সাকিবের মতো মানকড়ও ছিলেন বাঁহাতি স্পিনার (ব্যাটিংয়ের সময় অবশ্য ডান হাতি হয়ে যেতেন)। ১৯৫২ সালে লর্ডসে এই ইংল্যান্ডের বিপক্ষেই ভিনু মানকড়ের কীর্তি নিয়ে অনেক কাব্যগাথা পড়েছি। তা কাব্যগাথা রচনা করার মতোই পারফরম্যান্স—৭২ ও ১৮৪ রান, ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৭৩ ওভার বোলিং করে ৫ উইকেট। পরিসংখ্যানের আলোয় মানকড়ের পাশে সাকিবকে অনেকটাই ঝাপসা দেখাবে, তবে তারপরও কোথায় যেন একটা মিল। মানকড়কে হারিয়ে সে টেস্টে ইংল্যান্ড জিতেছিল ৮ উইকেটে। সাকিবকে হারিয়ে ঢাকায় জিতল ৯ উইকেটে। তখন ম্যান অব দ্য ম্যাচের চল ছিল না। নইলে সাকিবের মতো পরাজিত দলে থেকেও ভিনু মানকড়ই তা পেতেন।মানকড়ের সঙ্গে সাকিবের আরেকটা আশ্চর্য মিল খুঁজে পেলাম। টেস্টে ৭২ ইনিংসে একবারই নার্ভাস নাইনটিজে কাটা পড়েছেন মানকড়। সেটি ৯৬ রানে। যে ৯৬ সাকিবের টেস্ট ক্যারিয়ারে কঠিন এক গেরোর নাম। ৩৬ ইনিংসে তিনবার নার্ভাস নাইনটিজের শিকার—তিনবারই ৯৬! একবার অবশ্য শিকার বলা যাচ্ছে না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গ্রেনাডায় ছয় মেরে বাংলাদেশকে জেতানোর সময় ৯৬ রানে অপরাজিত। ৯৬ রানে দুবার আউট এই মিরপুরেই।৩৬ ইনিংসে ৩ বার নব্বইয়ের ঘরে রান। শতকরা হিসাবে ৮.৩৩ ভাগ। সাকিব বোধ হয় একটা রেকর্ডই করে ফেললেন। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ১০ বার নব্বই দেখেছেন রাহুল দ্রাবিড় ও স্টিভ ওয়াহ। কিন্তু শতকরা হিসাবে তাঁরা সাকিবের চেয়ে অনেক পেছনে। কাছাকাছি পাওয়া যাচ্ছে শুধু ক্লেম হিলকে। টেস্ট ক্রিকেটে প্রথম ৯৯ রানে আউট হওয়ার দুর্ভাগ্য এই অস্ট্রেলিয়ান বাঁহাতির। অবিশ্বাস্য হলেও সত্যি, পরের দুই ইনিংসে করেছিলেন ৯৮ ও ৯৭! হিলের ৮৯ ইনিংসের ৬টি নব্বইয়ের ঘরে—শতকরা হিসাবে ৬.৭৪ ভাগ ইনিংসে একবার, সাকিবের চেয়ে অনেক পিছিয়ে। তবে সাকিবের ক্যারিয়ারের মাত্রই উষালগ্ন। ’৯৬’-কে জয় করতে নিশ্চয়ই শিখে ফেলবেন।ঘর হইতে শুধু দুই পা ফেলিয়া ধানের শীষের ওপর শিশির বিন্দু না দেখার মতো একটা ঘটনা ঘটে গেছে কালকের থার্ডম্যান থেকে কলামে। টেস্ট ক্রিকেটে প্রথম স্কোরিং শটেই ছক্কার খোঁজে টেস্ট ইতিহাস ঘেঁটে ফেলেছি, কিন্তু চোখ এড়িয়ে গেছে মাত্রই মাস দুয়েক আগে ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে শফিউল ইসলামের কীর্তিটা। সে টেস্টের প্রথম ইনিংসে অমিত মিশ্রকে ছক্কা মেরে টেস্ট ক্রিকেটে প্রথম রান করেছিলেন শফিউল। আউট হয়ে গিয়েছিলেন পরের বলেই। দ্বিতীয় ইনিংসেও তাঁর প্রথম স্কোরিং শটটি ছিল একই বোলারের বলে ছক্কা! টেস্ট ক্রিকেটে প্রথম দুটি স্কোরিং শটেই ছক্কার কীর্তি সম্ভবত শুধুই বাংলাদেশের জহুরুল আর শফিউলের। প্রথম আলোর ওয়েবসাইটে শফিউলের কথাটা মনে করিয়ে দিয়েছেন তাপস চক্রবর্তী—আপনাকে ধন্যবাদ।