বড় অস্ত্রই আজ আমাদের হাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়ারল্যান্ড ম্যাচ সামনে এলেই বুক কেঁপে ওঠে। গত বিশ্বকাপের কথা ভুলিনি। বারবাডোজে আমি টস করতে যাওয়ার আগেই শুনলাম একটা দুর্ঘটনা। আমাদের পেসার সৈয়দ রাসেল চোট পেয়েছে। সে খেলতে পারবে না। মাশরাফির সঙ্গে রাসেল খুব ভালো বল করে আসছিল। তাকে হঠাৎ হারানোয় ক্ষতি হয়ে গেল আমাদের। সেই কুফা ম্যাচে তাড়িয়ে বেড়াল। টুর্নামেন্টে ভালো খেলতে খেলতেই আমরা হেরে গেলাম আয়ারল্যান্ডের কাছে।আজকের ম্যাচে আমার প্রথম চাওয়া—আর দুর্ঘটনা নয়। গতবার আমরা আয়ারল্যান্ড ম্যাচের আগে স্নায়ুচাপে ছিলাম। আমাদের বেশ সমস্যা হচ্ছিল। আজ পরিস্থিতি ভিন্ন। বারবাডোজের ঠিক বিপরীত চিত্রনাট্য দেখতে মঞ্চ প্রস্তুত। কুশীলবরা শুধু ঠিক ঠিক অভিনয় করে যাবে। ব্যস, ওতেই চলবে।সত্যি কি তা-ই? দুটো বিষয় আছে। প্রথমত, কোয়ার্টার ফাইনালে যেতে চাইলে আয়ারল্যান্ডকে হারাতে হবে। হারলেও সব শেষ অবশ্য নয়। সুযোগ তার পরও থাকবে। কিন্তু সেই সমীকরণে আমরা যেতে চাইব কেন? এ ম্যাচ আমাদের জিতে রাখতে হবে। দ্বিতীয়ত, মুদ্রার উল্টো পিঠে ম্যাচটা আমাদের জন্য চাপও বটে।দাঁড়ান, দাঁড়ান, চাপের কী আছে! চাপ তুড়ি মেরে উড়িয়ে দিক আমাদের দল। সবচেয়ে বড় অস্ত্রই তো এবার আমাদের হাতে—কন্ডিশন। গত বিশ্বকাপে আয়ারল্যান্ড আমাদের হারিয়েছিল বারবাডোজের কন্ডিশন কাজে লাগিয়ে। সম্প্রতি আয়ারল্যান্ডে গিয়েও ওদের কন্ডিশনে আমরা হেরেছি। কিন্তু এই আয়ারল্যান্ড আমাদের কন্ডিশনে এসে দাঁড়াতে পারেনি। তার মানে এটা প্রমাণিত, বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচে কন্ডিশন একটা বিরাট ফ্যাক্টর। আজ সেটি আমাদের অনুকূলে।আরেকটা দিক হলো, আমাদের দলের সাম্প্রতিক ফর্ম। কন্ডিশনের সঙ্গে ফর্ম যোগ হলে একেবারে সোনায় সোহাগা হয়ে ওঠে। দুটিই আমাদের পক্ষে থাকায় আমি তো বলব, জয় না পাওয়ার কোনো কারণ নেই।আমাদের রণপরিকল্পনা হওয়া উচিত—‘ম্যাচটাকে জটিল না ভেবে সহজ করে নাও’। টস জিতলে আগে ফিল্ডিং করলে কিছু মনে করব না। আমরা যেহেতু স্পিন দিয়েই প্রতিপক্ষকে কাবু করার কথা ভাবছি, তাই ফ্লাডলাইটের চেয়ে দিনের আলোতেই আমাদের স্পিনাররা কন্ডিশনের সুবিধা বেশি কাজে লাগাতে পারবে। আগের কলামে বলেছিলাম, নাঈমের জায়গায় সোহরাওয়ার্দীকে চাই। আজও একই কথা বলছি। নতুন বলে এক প্রান্ত থেকে স্পিন শুরু করতে চাইব আমি। রাজ্জাকই প্রথম পছন্দ। আমি চাইব স্পিনারদের ছোট ছোট স্পেল করাতে, যাতে প্রতিপক্ষ ব্যাটসম্যানরা এক স্পিনারের গোলকধাঁধা বুঝে উঠতে উঠতেই আরেকজন চলে আসে। তাকে বুঝতে বুঝতে আরেকজন...।এক পেসার নিয়ে খেলার কথা বাতাসে উড়ছে। টিম ম্যানেজমেন্ট কী করবে, জানি না। তবে তিন স্পিনারের সঙ্গে আমি দুই পেসার রাখারই পক্ষে। কারণটা হলো, একমাত্র পেসার খারাপ করলে হাতে আর বিকল্প থাকবে না। যেটা খুব দরকার। শফিউল শুরু করুক নতুন বলে। পুরোনো বলে রিভার্স সুইং পায় বলে রুবেল আসতে পারে পরে।ব্যাটিংয়ে খুব একটা পরিবর্তনের পক্ষপাতী নই। রকিবুলকে দলে রাখা হলে ওপরের দিকেই পাঠানো উচিত। কিন্তু ওকে ৬-৭ নম্বরে পাঠালে এই জায়গায় আশরাফুলই আমার পছন্দ। থিংক ট্যাংক এটা নিয়ে নিশ্চয়ই ভাবছে। তা ছাড়া সাকিবকে যত বেশি সম্ভব ব্যাট করতে দিতে হবে। ওর ব্যাটিং দল যত বেশি পাবে, ততই ভালো।আগে বল করলে আয়ারল্যান্ডকে ১৫০ রানে অলআউট করা চাই। ভ্রু কুঁচকে যাচ্ছে? সিরিয়াসলি নেবেন না, একটু মজা করে বললাম আর কি! তবে আইরিশদের সর্বোচ্চ ২৩০-২৪০ এর মধ্যে আটকে রাখা চাই। যদিও এখন আমরা ৩০০ বা তারও বেশি তাড়া করতে পারি। কাজেই দুশ্চিন্তার কিছু নেই। জয় সহজে এল নাকি কঠিন, এটা বুঝি না। জয় জয়ই। গুডলাক সাকিব!