বড় ইনিংস হলো না ঢাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুলে মারেননি, তবে বেরিয়ে গিয়ে মিড অফ-মিড অনে ড্রাইভ করেছেন অনেকবারই। সাকলায়েন সজীবের ওই বলটায়ও তা-ই করতে গেলেন মোহাম্মদ আশরাফুল। কিন্তু এবার বলটা একটু বেশিই টার্ন করল। আশরাফুলের ব্যাটে-বলে হলো না, উইকেটেও ফেরার সময় পেলেন না। স্টাম্পড!কেন ডাউন দ্য উইকেট গেলেন, কেন ব্যাটে-বলে হলো না—এই ব্যাখ্যাগুলো আশরাফুলের দেওয়া। নইলে ঢাকার কোচ ওয়াহিদুল গণির মনে হচ্ছে, আশরাফুলসহ তাঁর দলের বেশির ভাগ ব্যাটসম্যানই তাড়াহুড়োর শট খেলে আউট হয়েছেন। ব্যাটসম্যানদের সেট হয়ে আউট হয়ে যাওয়ার ‘অপরাধ’ ম্যাচ শেষে মানতে পারছিলেন না। এটিকেই ঢাকার প্রথম ইনিংস ২৮০ রানে থেমে যাওয়ার কারণ মনে করছেন তিনি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় লিগের ফাইনালের প্রথম দিনটিও তাই রাজশাহীরই হয়ে গেল। ঢাকাকে শেষ করে দিয়ে ১ ওভারে বিনা উইকেটে ২—হ্যাটট্রিক শিরোপার স্বপ্নটা উজ্জ্বলই রাজশাহীর।উইকেট কিছুটা সবুজ হলেও কিউরেটর বলছিলেন, বোলারদের চেয়ে এটা বেশি ব্যাটসম্যানদের উইকেট। ঢাকার ব্যাটসম্যানদের কেউই উইকেটকে ব্যাটিং-দুরূহ বলেননি। পাঁচ দিনের ম্যাচে প্রথম ইনিংসে ২৮০ রান তো তা হলে ব্যর্থতাই! ম্যাচটা শুরুই হলো উইকেট দিয়ে। অফ স্টাম্পের বাইরে শফিউলের প্রথম বলেই ব্যাট চালিয়ে স্লিপে ক্যাচ রনি তালুকদার। এরপর একই বোলারের বলে একইভাবে ব্যাট চালিয়ে আরেক ওপেনার শামসুর রহমানের একই রকমের আউট, আনামুল হকের কট বিহাইন্ড কিংবা মোহাম্মদ শরীফের ক্যাচ তুলে দেওয়া—সবই অতিরিক্ত শট খেলতে যাওয়ার পরিণতি। সর্বোচ্চ স্কোরার মাহমুদউল্লাহ সিলি পয়েন্টে ক্যাচ দিয়ে আউট হলেও ধৈর্য হারিয়ে ফেলার প্রমাণ দিয়েছেন ভালোমতোই।প্রথম বলেই ধাক্কার পর শামসুর ও আনামুলের ৫৫ রানের জুটিতে ঢাকা একটু থিতু হচ্ছিল। কিন্তু চার বলের মধ্যে শামসুর ও মেহরাব জুনিয়র আউট হয়ে গেলে ৫৬ রানে ৩ উইকেট হারিয়ে আবার টালমাটাল অবস্থা। ৫ নম্বরে নামা আশরাফুলের কাঁধেই ছিল তাই দলকে টেনে তোলার দায়িত্ব।আনামুলকে সঙ্গী করে সেভাবেই খেলছিলেন আশরাফুল। অন্যদিক থেকে আনামুল তবু মাঝেমধ্যে মারছিলেন, নইলে ড্রেসিংরুমে ফেরার মিছিল থামাতে সংযমের প্রতিমূর্তি হয়েই ছিলেন আশরাফুল। লাঞ্চ পর্যন্ত আর কোনো উইকেট পড়ল না, স্কোর বোর্ডে ৩ উইকেটে ৮৯। লাঞ্চের পর চতুর্থ ওভারে ৪৯ রানে আনামুল কট বিহাইন্ড হয়ে যাওয়ার পরও আশরাফুল একই রকম ধীরস্থির। মাহমুদউল্লাহর সঙ্গে ৪৯ রানের পঞ্চম উইকেট জুটিতে ঢাকার বড় রানের পথে যাত্রারই ইঙ্গিত ছিল। কিন্তু ১৪৭ মিনিট উইকেটে থেকে ৯৯ বল খেলে ৪০ রান, বাউন্ডারি মাত্র একটি—আশরাফুলের ধৈর্যচ্যুতি ঘটারই কথা। যদিও দিন শেষে তাঁর ওই দাবি, ‘তুলে মারতে যাইনি। আমি তো বুঝতেই পারছিলাম, এই উইকেটে টিকে থাকতে পারলে পরে রান করা যাবে। প্রচণ্ড গরমে ক্লান্ত হয়ে পড়বে বোলাররা। কিন্তু বলটা একটু বেশিই টার্ন করল...।’শেরেবাংলা স্টেডিয়ামে খেলা সর্বশেষ (অস্ট্রেলিয়া সিরিজ, ৬৮*) ম্যাচটাতেও ফিফটি ছিল মাহমুদউল্লাহর। কালও ৭৯ বলে ফিফটি করে ৮৫ বলে করলেন সাত বাউন্ডারিতে সাজানো ৫৭। কিন্তু আশরাফুল ফিরে যাওয়ার পর সেট হয়ে আউট হয়ে যাওয়ার ‘অপরাধে’ কাঠগড়ায় তিনিও। ফিফটি (৫৫) করা আরেক ব্যাটসম্যান ইলিয়াস সানি অবশ্য আউট হলেন শেষ ব্যাটসম্যান হিসেবে।্রকিন্তু যেখানে আর ২/৩ ওভার খেললেই দিনটা পার করে দেওয়া যায়, সেখানে মাহবুবুল আলমের সঙ্গে ভুল বোঝাবুঝিতে তাঁর রানআউট শেষ দৃশ্যেও ঢাকাকে দিল একই হতাশা—পাঁচ দিনের ম্যাচে এতটা তাড়াহুড়ো না করলেও বোধ হয় হতো।