বড় ইনিংসের সাঙ্গাকারা
মাস খানেক আগের কথা। দেশের হয়ে অনন্য এক কীর্তির খুব কাছাকাছি চলে গিয়েছিলেন কুমার সাঙ্গাকারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে খেলতে নেমেছিলেন ক্যারিয়ারের শততম টেস্ট। খেলছিলেনও দারুণ, কিন্তু ৭৯ রানে কট বিহাইন্ড হলেন পিটার সিডলের বলে। গড়া হলো না শ্রীলঙ্কার হয়ে শততম টেস্টে সেঞ্চুরি করার প্রথম কীর্তি।সেই হতাশা নিশ্চয়ই কাটার নয়, শততম টেস্ট তো ক্যারিয়ারে আর আসবে না। তবে সেই যন্ত্রণার ক্ষতে প্রলেপ দিতেই যেন জ্বলে উঠলেন পরের টেস্টেই। বরাবরই আপাদমস্তক টিমম্যান তিনি, ডাবল সেঞ্চুরি করে হারের মুখ থেকে টেস্ট বাঁচিয়ে ফেলাটা তাই নিশ্চিতভাবেই বেশি তৃপ্তি দেবে তাঁকে। ১০০তম টেস্টে হতাশার কিছুটা ভুলতে সাহায্য করবে ১০১তম টেস্টের ব্যক্তিগত অর্জনও। ওয়ালি হ্যামন্ডকে (৭) পেছনে ফেলে টেস্টে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরির তালিকায় সাঙ্গাকারা এখন তিনে (৮)। সামনে আছেন কেবল সর্বকালের সেরা ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যান (১২) আর সেরাদের অন্যতম ব্রায়ান লারা (৯)। ১৯৩০ সালের জুন থেকে ১৯৩২ সালের জানুয়ারি পর্যন্ত ৬টি ডাবল সেঞ্চুরি দেখেছিল টেস্ট ক্রিকেট, ৬টিই করেছিলেন স্যার ডন! প্রায় এক যুগ আগে পৃথিবীর মায়া কাটিয়েছেন ব্র্যাডম্যান, লারা ক্রিকেটে ছেড়েছেন চার বছর আগে। বয়স-ফর্ম-ফিটনেস সবই আছে পক্ষে, তিন থেকে একে ওঠা তাই সাঙ্গাকারার পক্ষে খুবই সম্ভব।গ্রেটদের কাতারে নাম লিখিয়েছেন বেশ আগেই। দিনকে দিন জায়গাটা পাকাপোক্ত করেই চলেছেন। কিছুদিন আগেও বর্তমান ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট গড় ছিল তাঁরই। পরে তাঁকে ছাড়িয়ে গেছেন জোনাথন ট্রট, জ্যাক ক্যালিস ও শচীন টেন্ডুলকার। আবুধাবি টেস্টের ইনিংসে আবার টেন্ডুলকারকে (৫৬.২৫) পেছনে ফেলেছেন সাঙ্গাকারা (৫৬.৪৫), ক্যালিস (৫৭.৪৩) ও ট্রটও (৫৭.৫৯) আছেন ধরাছোঁয়ার মধ্যেই।তাঁর প্রতিভা নিয়ে সংশয় ছিল না কখনোই, কিন্তু সংশয় ছিল বড় ইনিংস খেলার সামর্থ্য নিয়ে। ক্যারিয়ারের শুরুতে অসংখ্যবার অনেক সম্ভাবনাময় ইনিংসের অপমৃত্যুতেই সংশয়টা জেগেছিল। তবে কঠোর পরিশ্রম আর একাগ্রতায় দ্রুতই নিজেকে প্রতিষ্ঠা করেছেন অসাধারণ এক টেস্ট ব্যাটসম্যান হিসেবে। ৮টি ডাবল সেঞ্চুরিই এর সবচেয়ে বড় প্রমাণ। আরেকটা প্রমাণ হতে পারে সেঞ্চুরি ইনিংসগুলোয় তাঁর গড়। ২৬টি সেঞ্চুরি ইনিংসে সাঙ্গাকারার গড় ২২৭.৩৬!লম্বা ইনিংস খেলার জন্য টেস্টে উইকেটকিপিং ছেড়েছিলেন বছর পাঁচেক আগে। যে উদ্দেশ্য নিয়ে ছেড়েছিলেন, সেটা পূরণ করেছেন পুরোপুরি। প্রথম ডাবল সেঞ্চুরিটিই কেবল উইকেটকিপার হিসেবে (২০০২ সালে লাহোরে ২৩০), কিপিং ছাড়ার পর করলেন আরও সাতটি। এর মধ্যে আছে টানা দুই টেস্টে ডাবল সেঞ্চুরির অসাধারণ কীর্তিও। ২০০৭ সালে দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে তিন টেস্ট সিরিজের প্রথমটিতে মাত্র ৬ রানে আউট হয়েছিলেন। জ্বালা জুড়াতে পরের দুই টেস্টে করেছিলেন অপরাজিত ২০০ ও অপরাজিত ২২২!দেশের বাইরে খুব একটা ভালো নন, এই দুর্নাম শ্রীলঙ্কার অনেক ব্যাটসম্যানেরই সঙ্গী। এখানেও ‘গ্রেট’ সাঙ্গাকারা, অস্ট্রেলিয়ায় তাঁর গড় ৬৫.১৬, নিউজিল্যান্ডে ৬৬.৮০, পাকিস্তানে ৮৬.৮৭। দক্ষিণ আফ্রিকায় গড় ৩৯.২৯, তবে এর অন্যতম কারণ সেরা সময়টায় দক্ষিণ আফ্রিকায় যাওয়া হয়নি। সর্বশেষ গিয়েছিলেন ২০০২ সালে! ইংল্যান্ডে গড়টা (৩০.৫৮) আর ভালো করতে না পারার আক্ষেপ অবশ্য তাঁর থাকতে পারে। আছে আরেকটি অপূর্ণতাও। দুটি করে ট্রিপল সেঞ্চুরি আছে ব্র্যাডম্যান-লারার, হ্যামন্ডেরও আছে একটি। কিন্তু সাঙ্গাকারার এখনো সেই স্বাদ পাওয়া হয়নি। খুব কাছাকাছি অবশ্য গিয়েছিলেন, ২০০৬ সালে মাহেলা জয়াবর্ধনের সঙ্গে ৬২৪ রানের নেই বিশ্ব রেকর্ড জুটিতে ২৮৭ করে কট বিহাইন্ড হয়েছিলেন। এর দুই বছর আগে আড়াই শ পেরিয়েছিলেন আরও একবার, বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে করেছিলেন ২৭০। তবে সময় তো এখনো ফুরিয়ে যায়নি, এই অপূর্ণতাও হয়তো ঘুচিয়ে দেবেন শিগগিরই!