বড় কিছু দেখছে ‘নীল সামুরাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমাদের দলের এমন একটা শক্তি আছে, যা অন্যদের নেই’—ধারণা করতে পারেন কোন দলের কোচ এমন কথা বলেছেন? ব্রাজিল-আর্জেন্টনা বা বিশ্ব-ফুটবলের অন্য কোনো পরাশক্তি নয়; ডেনমার্ককে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠার পর সাফল্যের রহস্য এভাবেই ব্যাখ্যা করেছেন জাপানের কোচ তাকেশি ওকাদা। তো কী সেই সাফল্যের রহস্য?‘একতা। আমরা সত্যিকার অর্থেই একতাবদ্ধ। আমাদের খেলাতেও আমরা তা তুলে ধরার চেষ্টা করি’—ওকাদার গর্বিত উচ্চারণ। এমন এক দিনে জাপানের কোচ এই কথা বলেছেন, যেদিন তাঁর সঙ্গে দ্বিমত করার লোকও খুব একটা পাওয়া যাবে না। ডেনমার্কের সঙ্গে ড্র করতে পারলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হতো জাপানের, কিন্তু ‘ব্লু সামুরাই’রা তাদের সেরাটা দেখিয়েছে এই ম্যাচেই। বিশ্বকাপ ইতিহাসে এই প্রথম এক ম্যাচে তিন গোল করল তারা, পুরো ম্যাচে খেলেছেও অসাধারণ। প্রথম ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে জয়টা ছিল বিশ্বকাপ ইতিহাসে দেশের বাইরে তাদের প্রথম, আর পরশু ডেনমার্ককে হারিয়ে দেশের বাইরে প্রথম উঠল দ্বিতীয় রাউন্ডে। দিন তিনেক আগে দ্বিতীয় রাউন্ডে উঠেছে দক্ষিণ কোরিয়া, পরশু জাপান। আফ্রিকার বিশ্বকাপ উদ্ভাসিত এশিয়ার সাফল্যে।পরশু দল হিসেবে জাপান খেলেছে দুর্দান্ত। তবে তিনটি গোলই এসেছে ব্যক্তিগত নৈপুণ্যের ফসল হিসেবে। ফ্রি-কিকে গোল-খরার এই বিশ্বকাপে জাপান দুটি গোল করেছে ফ্রি-কিকে। দুটিই বাঁক খাওয়ানো অসাধারণ ফ্রি-কিক। ১৭ মিনিটে প্রথমটি করেন ক্যামেরুনের বিপক্ষে জাপানের জয়ের নায়ক কেইসুকে হোন্ডা। ১২ মিনিট পর আরেকটি ফ্রি-কিক, সবাই ভেবেছিল এবারও কিকটি নেবেন হোন্ডা। কিন্তু আচমকা কিক নিয়ে নেন ইসুহিতো এন্ডো, আবারও ডাইভ দিয়ে নাগাল পাননি ডেনিশ গোলকিপার টমাস সোরেনসেন। ৮০ মিনিটে ম্যাচে একটু উত্তেজনা ফিরিয়ে আনে ডেনমার্ক। জাপানের বক্সের ভেতর ড্যানিয়েল অ্যাগারকে ফাউল করায় পেনাল্টি পেয়েছিল ডেনমার্ক। টমাসনের দুর্বল শট ফিরিয়ে দিয়েছিলেন জাপানের গোলকিপার, কিন্তু ফিরতি বলে হালকা টোকায় বল জালে পাঠান টমাসনই। তবে সাত মিনিট পরই সব উত্তেজনায় জল ঢেলে দেয় জাপান। স্কোরশিটে নাম থাকছে শিনজি ওকাজির, তবে বক্সের ভেতর অসাধারণ স্কিলে ওকাজিকে বলটি বানিয়ে দিয়েছিলেন সেই হোন্ডা।আরও একবার জাপানের জয়ের নায়ক হোন্ডা এখনই খুশিতে ভেসে যাচ্ছেন না। বরং তাকিয়ে আছেন আরও বড় লক্ষ্যের দিকে, ‘আমি জানি এটি জাপানের জন্য বিশাল একটা জয়। আমার খুব খুশি হওয়া উচিত, তবে এখনই আমি অতটা খুশি হচ্ছি না। আমার মনে হয় না এটাই আমাদের শেষ। আমি বিশ্বাস করিম আমরা আরও অনেক দূর যেতে পারি।’ একটি গোল করে ও আরেকটি করিয়ে ম্যাচ-সেরা হোন্ডা জয়ের কৃতিত্ব দিচ্ছেন কোচকে, ‘তিনি আমাদের বলেছিলেন কোনোভাবেই ড্রয়ের জন্য খেলা যাবে না। শুধু ডিফেন্সে মনোযোগ দিলে চলবে না, আক্রমণ করে যেতে হবে। তা না হলে জেতা যাবে না। এই কৌশলটাই আমাদের কাজে দিয়েছে।’যাঁকে নিয়ে এত প্রশংসা সেই কোচ ওকাদাও হোন্ডার মতো তাকিয়ে বড় সাফল্যের দিকে, ‘রাতে আমরা উৎসব করব, তবে কাল থেকেই আবার অনুশীলন শুরু করতে হবে। এখনো কিন্তু আমরা চূড়ান্ত লক্ষ্য অর্জন করতে পারিনি। আমাদের আরও এগিয়ে যেতে হবে, প্যারাগুয়ের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ দিয়ে শুরু হবে নতুন অভিযান।’ওকাদার কথা শুনে কেউ কিন্তু অবাক হচ্ছে না, এভাবে খেলতে থাকলে আরও বড় লক্ষ্যে পৌঁছানো জাপানের জন্য মোটেও অসম্ভব নয়! এএফপি।