বড় কিছুর প্রত্যাশায় আলজেরিয়া
দীর্ঘ ২৪ বছর পর বিশ্বকাপে খেলতে নেমে ১৯৮২ সালের কথা খুব মনে পড়বে আলজেরিয়ার। সেবার পশ্চিম জার্মানিকে হারিয়ে বিশ্বময় হইচই ফেলে দেওয়া আলজেরিয়া এবারের বিশ্বকাপে ১৯৮২ সালের পুনরাবৃত্তি ঘটাতেই চাইবে। ‘সি’ গ্রুপে ইংল্যান্ড, স্লোভেনিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই করে পরবর্তী পর্বে যাওয়ার মতো দল আলজেরিয়া কি না, তা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু দেশটির ফুটবল ঐতিহ্য বলছে, বিশ্বকাপে নিজেদের গ্রুপ সঙ্গীদের একেবারেই ছেড়ে কথা বলবে না দলটি।১৯৮২ সালে নিতান্তই দুর্ভাগ্যজনকভাবে বিদায় ঘটে আলজেরিয়ার। গ্রুপ পর্বে পশ্চিম জার্মানি ও চিলিকে হারিয়ে প্রায় দ্বিতীয় রাউন্ডেই চলে যাচ্ছিল আলজেরিয়া। কিন্তু বাদ সাধে দুই প্রতিবেশী পশ্চিম জার্মানি ও অস্ট্রিয়ার কূটচাল। এই ২ দলের খেলায় পশ্চিম জার্মানি ১-০ গোলে অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থাকা অবস্থায় অস্ট্রিয়া গোল শোধের কোনো চেষ্টাই করেনি। গোল শোধের চেষ্টা করারই আসলে সেদিন প্রয়োজন ছিল না। জার্মানির ১ গোলে জয় অস্ট্রিয়াকেও যে তুলে দিয়েছিল দ্বিতীয় রাউন্ডে! সব মিলিয়ে একটি দুঃখজনক অবস্থার মধ্যে ১৯৮২ সালে ৪ পয়েন্ট নিয়েও বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল উত্তর আফ্রিকার এই দেশটিকে।এবার সেই স্মৃতি সঙ্গে করেই বিশ্বকাপে দারুণ কিছু করতে চায় আলজেরিয়া। একটি শক্ত বাছাই পর্ব শেষে বিশ্বকাপ খেলতে আসায় আত্মবিশ্বাসও তাদের অনেক উঁচুতে। বাছাই পর্বের শেষ ম্যাচে শক্তিশালী মিশরের বিপক্ষে জয় দিয়েই চূড়ান্ত পর্বে এসেছে আলজেরিয়া। বিশ্বকাপে কোয়ালিফাই করার পর দেশের মানুষ বিপুলভাবে সংবর্ধিত করেছে আলজেরিয়া দলকে। সেই আনন্দ উল্লাসের মধ্য দিয়েই আলজেরিয়ার জনগণ জাতীয় দলকে জানিয়ে দিয়েছে বিশ্বকাপে প্রত্যাশাটা তাদের অনেক বড়ই।আলজেরিয়ার অন্যতম তারকা ফুটবলার মাদজিদ বোঘেরা বিশ্বকাপে আলজেরিয়ার লক্ষ্যের কথা বলতে গিয়ে বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, ‘আলজেরিয়ার জন্য বিশ্বকাপ একটি বিশেষ কিছু। কারণ আমরা ২৪ বছর পর এই প্রতিযোগিতায় খেলতে এসেছি।’বিশ্বকাপে আলজেরিয়াকে শক্তি জোগাচ্ছে ফরাসি লিগে তাদের খেলোয়াড়দের অভিজ্ঞতা। দলের বেশির ভাগ খেলোয়াড়ই ফরাসি লিগে দীর্ঘদিন ধরে খেলেন। বোঘেরা জানিয়েছেন, বিশ্বকাপে আলজেরিয়ার ফুটবলারদের এমনকিছু খেলোয়াড়ের বিপক্ষে খেলতে হবে, যাঁরা বিশ্ব ফুটবলে অনন্য অবস্থান করে নিয়েছেন। তবে এসব খেলোয়াড়কে নিয়ে একেবারেই ভাবছেন না বোঘেরা। তিনি বলেছেন, ‘ফরাসি লিগে শক্ত পেশাদারীর মধ্য দিয়ে উঠে এসেছেন দলের বেশির ভাগ খেলোয়াড়। রুনি, জেরার্ড ল্যাম্পার্ডদের মতো তারকাদের বিপক্ষে খেলা অবশ্যই দারুণ কিছু। তবে আমরা তো তাদের সঙ্গে ফুটবলই খেলব।’