বড় ক্ষতি বলছেন জার্গেনসেনও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুরিয়ে-ফিরিয়ে পাঁচ-ছয়বার হলো প্রশ্নটা। কখনো ব্যাট তুলে, কখনো ডাক করে বল ছেড়ে দিলেন শেন জার্গেনসেন। পরশু বিমান থেকে ঢাকায় নেমেছেনই যেন ফিক্সিং বিতর্ক নিয়ে কোনো মন্তব্য না করার প্রতিজ্ঞা নিয়ে। তবে এক জায়গায় এসে মুখ না খুলে পারেননি জাতীয় দলের প্রধান কোচও। স্বীকার করলেন, মোহাম্মদ আশরাফুলকে হারানোটা হবে বাংলাদেশ দলের জন্য বিরাট এক ক্ষতি।বাংলাদেশে যখন ফিক্সিং বিতর্ক নিয়ে ঝড় বয়ে যাচ্ছে, জার্গেনসেন ছুটি কাটাচ্ছেন দেশে। তবে ছুটি কতটা উপভোগ করেছেন, তিনিই ভালো বলতে পারবেন। যত দূরেই থাকুন না কেন, আশরাফুলের ফিক্সিংয়ে জড়িত থাকার স্বীকারোক্তির কথা শোনার পর ধাক্কাটা তো জার্গেনসেনের মনেও লাগার কথা! যদিও কাল বিসিবির কার্যালয়ে প্রসঙ্গটা এড়িয়েই যেতে চাইলেন, ‘এ ব্যাপারে খুব বেশি কিছু জানি না। কোনো মন্তব্যও করতে চাই না। সময়টা সবার জন্যই বেশ কঠিন। কাজেই আমি চাই তদন্তটা ঠিকঠাকভাবে হোক।’ফিক্সিং-সংশ্লিষ্ট প্রশ্নগুলো সযত্নে এড়িয়ে গেছেন পরেও। কখনো বলেছেন, ‘আমি জানি না, তদন্তে কী পাওয়া গেছে।’ কখনো বা ‘এ নিয়ে মন্তব্য করার মতো অবস্থায় নেই আমি।’ আরেকবার বলেছেন, ‘আমি আসলেই এ নিয়ে কথা বলতে পারব না। বিষয়টা গুরুতর। পুরো প্রক্রিয়াটা আগে শেষ হতে হবে।’আশরাফুল আকসুর কাছে যে ফিক্সিং-বৃত্তান্ত বর্ণনা করেছেন, তার মধ্যে গত টি-টোয়েন্টি বিশ্বকাপেরটা জার্গেনসেন কোচ থাকাকালেই। এক সাংবাদিক জানতে চাইলেন, আশরাফুলের কাণ্ডে নিজেকে প্রতারিত মনে করছেন কি না। জার্গেনসেন এবার এড়িয়ে যেতে চাইলেও ভেতরে জমে থাকা ক্ষোভ কিছুটা ঠিকই বেরিয়ে এল, ‘একটু অবিশ্বাস্য তো লাগছেই, তবে এ নিয়ে আর কিছু বলব না।’স্পর্শকাতর প্রশ্নে চুপ থাকার চেষ্টা করলেও ক্রিকেটার আশরাফুলকে হারানোর ‘শোক’ ঠিকই প্রকাশ করেছেন, তবে সেটাও অনেক সতর্ক হয়ে। দলের এই ক্ষতিকে জার্গেনসেনের কাছে মনে হচ্ছে অপূরণীয়, ‘যদি সে (আশরাফুল) নিষিদ্ধ হয়, আমাদের ব্যাটিং অর্ডারে বিরাট ক্ষতি হয়ে যাবে। তার ব্যাটিং আমরা মিস করব। এর বেশি কিছু আমার পক্ষে বলা সম্ভব নয়।’জিম্বাবুয়ে সফর শেষে ঢাকা ফিরেই চলে গিয়েছিলেন ছুটিতে। ছুটি শেষে পরশু রাতে ঢাকায় ফিরে কাল কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টের সদস্যরাসহ আলোচনায় বসেছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান এনায়েত হোসেনের সঙ্গে। আলোচনার বিষয়বস্তু ছিল মূলত আগামীকাল শুরু হতে যাওয়া কন্ডিশনিং ক্যাম্প আর ‘এ’ দলের ইংল্যান্ড সফর। ফিক্সিং পর্ব পেরিয়ে এ নিয়ে প্রশ্ন হতেই ‘ভালো প্রশ্ন’ বলে হেসে উঠলেন কোচ। ফিক্সিংয়ের কাঁটাতার টপকে আসার আনন্দে তো বটেই, হাসির আরেকটা কারণ হতে পারে অবশেষে কন্ডিশনিং ক্যাম্পটা করতে পারছেন বলেও।আসলে ফিটনেস ট্রেনিং-নির্ভর এ রকম একটা কন্ডিশনিং ক্যাম্পের জন্য অনেক দিন ধরেই অপেক্ষায় ছিলেন জার্গেনসেন। কাল বিসিবি অফিসের অভ্যর্থনা লাউঞ্জের প্রশ্নোত্তর পর্বে সে প্রসঙ্গ আসতেই তাই তিনি অনেক বেশি সপ্রতিভ। এক নাগাড়ে বলে গেলেন, ‘এ রকম একটা কিছু অনেক দিন ধরেই চাচ্ছিলাম আমরা। এখানে ফোকাস থাকবে পুরোপুরিই ফিটনেসের ওপর। ২০১১ বিশ্বকাপের পর শুধু ফিটনেস নিয়ে কাজ করার জন্য আমরা আলাদা করে সময় বের করতে পারিনি।’জিম্বাবুয়ে সফরের আগে থেকেই চোটাঘাতে জর্জরিত বাংলাদেশ দল। অনেকের পুনর্বাসন চলছে এখনো। ক্যাম্পে তাই সবার ফিটনেসের বর্তমান অবস্থাটাই দেখা হবে আগে। এরপর সে অনুযায়ী ফিটনেস ট্রেনিং। সাম্প্রতিক অক্রিকেটীয় বিষয়গুলো মাথা থেকে ঝেড়ে ফেলে ক্রিকেটারদের মন অনুশীলন আর খেলায় ফেরাতে চাইছেন কোচ, ‘সামনে আমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ খেলা আছে। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে লম্বা একটা মৌসুম পার করার পর ভালো একটা বিরতি কাটিয়েছে সবাই। এখন সামনে যা আছে, তাতেই মনোযোগী হতে হবে।’জিম্বাবুয়ে থেকে একরাশ হতাশা নিয়ে ফেরার পর দেশের ক্রিকেট পড়ে গেছে আরও গভীর গর্তে। ফিক্সিংয়ের সেই অতল গহ্বর থেকে ক্রিকেটকে টেনে তুলতে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের ওপরই আলো ফেলতে হবে। ২০০৮ সালের স্মৃতি এই সিরিজ নিয়ে আশাবাদীও হতে বলছে। আইসিএলে ১৪ ক্রিকেটার চলে যাওয়ার কিছুদিন পরই মিরপুরে এই নিউজিল্যান্ডের বিপক্ষেই তো প্রথম ম্যাচ খেলেছিল বাংলাদেশ এবং তাতে জিতেও ছিল!