ট্রেন্টব্রিজে পাকিস্তানের বিশাল ব্যবধানে হার দেখে নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে, রানের হিসাবে টেস্টে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ডটি কত? জেনে রাখুন, ৩৫৪ রানের এই হারের চেয়েও বড় ব্যবধানে হারের ঘটনা আছে ১৬টি। সবার ওপরে ১৯২৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ৬৭৫ রানের জয়। চতুর্থ ইনিংসে ৭৪২ রানের জয়ের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া গুটিয়ে গিয়েছিল ৬৬ রানেই। অবশ্য চার্লস কেলেওয়ে ও জ্যাক গ্রেগরির ব্যাট করতে না পারাও একটা বড় ভূমিকা রেখেছিল অস্ট্রেলিয়ার ব্যর্থতায়। রানের হিসাবে বড় ব্যবধানে পরের তিনটি জয়ই অস্ট্রেলিয়ার। ১৯৩৪ সালে ওভালে ইংল্যান্ডকে ৫৬২ রানে হারায় তারা। ডাবল সেঞ্চুরি করেছিলেন বিল পন্সফোর্ড ও ডন ব্র্যাডম্যান। চতুর্থ ইনিংসে জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৭০৮, করতে পারে তারা ১৪৫। ১৯১১ সালের মেলবোর্ন টেস্টে চতুর্থ ইনিংসে ৭০২ রান তাড়া করতে গিয়ে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় ১৭১ রানে, অস্ট্রেলিয়া জেতে ৫৩০ রানে।