বড় জয় অ্যাটলেটিকোরও

স্প্যানিশ লা লিগায় গত রাতটা দারুণ কাটল শীর্ষ দলগুলোর। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের পর বড় জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদও। গেটাফেকে ৭-০ গোলে বিধ্বস্ত করে অ্যাটলেটিকো। এর আগে বার্সা ৪-০ গোলে গ্রানাডাকে এবং রিয়াল ৫-০ গোলে আলমেরিয়াকে হারায়।
অ্যাটলেটিকোর জয়ের ব্যবধানটাই বলে দেয়, গত রাতে পাত্তাই পায়নি গেটাফে। অ্যাটলেটিকোর গোলবন্যার সূচনা হয় ম্যাচের ২৬ মিনিটে। সূচনাটা করেন রাউল গার্সিয়া। এরপর নিয়মিত বিরতিতেই গোল খেতে থাকে গেটাফে। একটি গোল করেছেন গোটাফে ডিফেন্ডার আলবার্তো লোপা, তবে সেটা ছিল আত্মঘাতী। অ্যাটলেটিকোর হয়ে দুটি করে গোল করেন গার্সিয়া ও ডেভিড ভিয়া। একটি করে গোল করেন ডিয়েগো কস্তা ও আদ্রিয়ান।
বার্সা, রিয়াল, অ্যাটলেটিকো প্রত্যেকে গত রাতে জয় পাওয়ায় পয়েন্ট তালিকার শীর্ষ তিনে পরিবর্তন আসেনি। ১৪ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে আগের মতো শীর্ষে বার্সা। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো ও রিয়ালের অর্জন যথাক্রমে ৩৭ ও ৩৪ পয়েন্ট।
ব্যক্তিগত নৈপুণ্যের দিক থেকে লিগে এখন পর্যন্ত এগিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো। গত রাতে চোট পাওয়া পর্তুগিজ উইঙ্গারের গোলসংখ্যা ১৭। অ্যাটলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ড ডিয়েগো কস্তা ১৪ গোল নিয়ে দ্বিতীয় অবস্থানে। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে কিছু দিন ধরে খেলার বাইরে থাকা মেসির গোলসংখ্যা ৮। আর্জেন্টাইন মহাতারকার সমান ৮টি করে গোল করেছেন ডেভিড ভিয়া, অ্যালেক্সিস সানচেজ ও অ্যান্তোনি গ্রিজম্যান। সূত্র: রয়টার্স।
ক্রিকেট, ফুটবল, টেনিস, গলফসহ যেকোনো খেলার আপডেট ও খবর পেতে আপনার মোবাইল থেকে S লিখে এসএমএস করুন ২২২১ নম্বরে।