বড় জয় ব্রাজিলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিপক্ষ সুইডেনের মতো শক্তিশালী দল। তা-ও আবার সুইডেনেরই মাঠে। তবে জয় তুলে নিতে মোটেই কষ্ট হলো না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে। স্টকহোমে গতকাল বুধবার অনুষ্ঠিত আন্তর্জাতিক ম্যাচে স্বাগতিক সুইডেনকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে মানো মেনেজেসের দল।এ ম্যাচে ব্রাজিলের জয়ের নায়ক আলেসান্দ্রে পাতো। খেলার তিন গোলের মধ্যে তিনিই করেছেন দুটি। বাকি গোলটি লিয়েন্দ্রো দামিওর। ৩২ মিনিটে খেলার প্রথম গোলটি করেন দামিও। এরপর গোলের দেখা মিলছিল না কিছুতেই। দ্বিতীয়ার্ধে দামিওর বদলি হিসেবে পাতোকে মাঠে নামান মেনেজেস। এর সুফলও পেয়েছেন ব্রাজিল কোচ। ৮৫ মিনিটে সুইডেনের জালে বল জড়িয়ে দেন পাতো। এর দুই মিনিট পর পেনাল্টি থেকে করেন আরেকটি। মাত্র তিন মিনিটের ব্যবধানে দুটি গোল করে ব্রাজিলের বড় জয় নিশ্চিত করেন পাতো।এ দিন মাঠে উপস্থিত থেকে ব্রাজিলের সহজ জয়টা উপভোগ করেছেন দেশটির কিংবদন্তি ফুটবলার পেলে। মাঠে লড়েছেন ব্রাজিল দলে পেলের সবচেয়ে পছন্দের খেলোয়াড় নেইমার। কিন্তু নিজের দ্যুতি ছড়িয়ে প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেননি তরুণ এই তারকা।লন্ডনে অলিম্পিক সোনা হাতছাড়া করার জ্বালা নিয়ে সুইডেনে খেলতে গিয়েছিল ব্রাজিল। ফাইনালে মেক্সিকোর কাছে ২-১ গোলে হারার পর ব্রাজিলীয়দের নিয়ে কম সমালোচনা হয়নি। সেই সমালোচনার জবাব পারফরম্যান্স দিয়েই দিলেন ব্রাজিলের খেলোয়াড়েরা। মানো মেনেজেসও স্বীকার করে নিলেন কথাটা। ম্যাচ শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ বলেন, ‘কড়া একটা জবাব দেওয়ার প্রয়োজন ছিল। আমার মনে হয়, তা দিতে পেরেছি। প্রচুর সুযোগ সৃষ্টি করেছিলাম আমরা। এর মধ্যে তিনটি গোল করেছি।’ রয়টার্স।