বড় জয়ে অস্ট্রেলিয়ার শুরু
শক্তির বিচারে পার্থক্যটা আকাশ-পাতাল। আয়ারল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার আজকের ম্যাচটা যেমন হতে পারে ভাবা হয়েছিল, হলো অনেকটা তা-ই। শেন ওয়াটসনের অলরাউন্ড নৈপুণ্যে অস্ট্রেলিয়া জয় পেয়েছে ৭ উইকেটে। বড় জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু হলো অস্ট্রেলীয়দের।দিনের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন আয়ারল্যান্ডের অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। কিন্তু তাঁর অভিজ্ঞতাটা সুখকর হয়নি। প্রথম বলেই উইকেট হারিয়ে বসে আয়ারল্যান্ড। আর উইকেটটা ছিল তাঁরই। একপর্যায়ে দলীয় ৩৩ রানে চার উইকেট হারায় আয়ারল্যান্ড। এর পরও আইরিশ ব্যাটসম্যানদের কৃতিত্ব দিতেই হয়— অল আউট নয়, পুরো ইনিংস ব্যাটিং করার কৃতিত্ব। অস্ট্রেলিয়ার ক্ষুরধার বোলিংয়ের সামনে লড়েও আইরিশদের সংগ্রহটা একেবারে মন্দ হয়নি—৭ উইকেটে ১২৩ রান।অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল মাত্র ১২৪ রান। সহজ লক্ষ্য জেনেও শুরু থেকে বেশ দেখেশুনে খেলতে থাকেন শেন ওয়াটসন ও ডেভিড ওয়ার্নার। তাঁদের উদ্বোধনী জুটিতে আসে ৬০ রান। ২৩ বলে ২৬ রান করে আউট হন ওয়ার্নার। ওয়াটসন ফেরেন ব্যক্তিগত ৫১ রানে। ৩০ বলের তাঁর এই ইনিংসে ছিল পাঁচটি চার ও তিনটি ছয়ের মার। মাইক হাসি ১০ রান করেন। দলের জয় নিশ্চিত করে ক্যামেরন হোয়াইট ২২ ও জর্জ বেইলি ১০ রানে অপরাজিত থাকেন।ব্যাটিংয়ের মতো বল হাতেও সফল ছিলেন ওয়াটসন। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন তিনি। দুটি উইকেট নেন মিচেল স্টার্ক। প্রথমে ব্যাট করা আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন কেভিন ও’ব্রায়েন। এ ছাড়া নিয়াল ও’ব্রায়েন ২০ ও এড জয়েস ১৬ রান করেন। ১৫ রানে অপরাজিত থাকেন কুসাক।সংক্ষিপ্ত স্কোর:আয়ারল্যান্ড: ১২৩/৭ (২০ ওভার)কেভিন ও’ব্রায়েন ৩৫, নিয়াল ও’ব্রায়েন ২০ওয়াটসন ৩/২৬, স্টার্ক ২/২০অস্ট্রেলিয়া: ১২৫/৩ (১৫.১ ওভার)ওয়াটসন ৫১, ওয়ার্নার ২৬কেভিন ও’ব্রায়েন ১/১৮, ডকরেল ১/৩১, টস: আয়ারল্যান্ডফল: অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী।