বড় জয়ে ভারতের শুরু
চার ম্যাচের টেস্ট সিরিজে বড় জয় দিয়ে শুরু হলো ভারতীয় দলের। আহমেদাবাদ টেস্টের পঞ্চম দিনে আজ সোমবার সফরকারী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারায় মহেন্দ্র সিং ধোনির দল।অ্যালিস্টার কুক ও ম্যাট প্রায়রের জুটি অবশ্য স্বপ্ন দেখাচ্ছিল ইংল্যান্ডকে। স্বপ্ন বলতে আহমেদাবাদ টেস্টে ড্র করা। জুটিটাকে যদি কোনোমতে পঞ্চম দিনের দ্বিতীয় সেশন পর্যন্ত টেনে নিয়ে যাওয়া যায়! কিন্তু হায়, সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে দিলেন না প্রজ্ঞান ওঝা। দুর্দান্ত খেলতে থাকা কুক ও প্রায়রকে খুব অল্প সময়ের ব্যবধানে ফিরিয়ে দিয়ে ভারতের জয়ের সম্ভাবনা উজ্জ্বল করে তোলেন তিনি।অ্যালিস্টার কুক ১৭৬ ও প্রায়র ৯১ রানে আউট হয়ে যাওয়ার পর ইংল্যান্ডের লেজ মুড়ে দিতে বেশি সময় লাগেনি ভারতীয় বোলারদের। পঞ্চম দিনের মধ্যাহ্ন বিরতির আগেই ৪০৬ রানে দ্বিতীয় ইনিংস শেষ হয় ইংলিশদের।জয় পেতে ভারতের প্রয়োজন ছিল মাত্র ৭৭ রান। সহজ এই লক্ষ্যে মাত্র একটি উইকেট হারিয়ে পৌঁছে যায় ভারতীয় দল। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করা চেতেশ্বর পূজারা ৪১ রানে অপরাজিত ছিলেন। অন্য প্রান্তে ১১ রানে অপরাজিত ছিলেন বিরাট কোহলি।ফলোঅন করা ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসটি ছিল অধিনায়ক অ্যালিস্টার কুকের বীরত্বগাথা। তিনি অধিনায়ক হিসেবে দারুণ এক উদাহরণ সৃষ্টি করলেন। এর আগে যতবার তিনি ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে কোনো টেস্ট ম্যাচে মাঠে নেমেছেন, প্রতিটি টেস্টই তিনি শেষ করেছেন সেঞ্চুরি দিয়ে। আহমেদাবাদের এ ইনিংসটি অবশ্য তাঁর অন্যগুলোর চেয়ে আলাদা। কারণ, কঠিন এক পরিস্থিতিতে ব্যাট হাতে মাঠে নেমেছিলেন তিনি। রানের চেয়ে যেখানে তাঁর মাথায় ছিল দলের সম্মান বাঁচানোর প্রশ্ন। প্রায় দুই দিন ধরে ব্যাট হাতে ১৭৬ রানের দারুণ এক ইনিংস খেলে তিনি কেবল ইংল্যান্ডকে অসম্মানের হাত থেকেই রক্ষা করেননি, হাওয়ায় উড়তে থাকা ভারতীয় স্পিনারদের তিনি নামিয়ে এনেছিলেন মাটিতে। প্রথম ইনিংসে স্পিন ঘূর্ণিতে ইংল্যান্ডকে ১৯১ রানে অলআউট করে দিয়ে ফলোঅন করিয়ে কুকের ব্যাটের মাধ্যমেই ভারতীয় স্পিনাররা বুঝতে পেরেছেন টেস্ট ম্যাচের উত্তাপ। আহমেদাবাদ টেস্ট থেকে এটাই ইংল্যান্ডের জন্য বড় অর্জন হতে পারে। অর্জনটা সম্ভব হচ্ছে কেবল তাদের অধিনায়ক অ্যালিস্টার কুকের জন্যই। ম্যাট প্রায়রের ইনিংসটিকে ভুলে গেলে চলবে না। মাত্র নয় রানের জন্য তিনি সেঞ্চুরি পাননি। কিন্তু অধিনায়ক অ্যালিস্টার কুককে তিনি যেভাবে সঙ্গ দিয়ে গেছেন, তা সত্যিই দেখার মতো ছিল।অ্যালিস্টার কুকের সামনে দুই দিনের কঠিন পরীক্ষা ছাড়া আহমেদাবাদ টেস্টে আগাগোড়াই ছিল স্পিনারদের আধিপত্য। প্রজ্ঞান ওঝা ও রবিচন্দ্রন অশ্বিন দুই ইনিংস মিলিয়ে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন ১৩ উইকেট (ওঝা ৯ ও অশ্বিন ৪)। ইংল্যান্ডের গ্রায়েম সোয়ান প্রথম ইনিংসে তুলে নিয়েছিলেন পাঁচ উইকেট। দ্বিতীয় ইনিংসে এসে অবশ্য ভারতীয় পেসাররা পেয়েছেন কাঙ্ক্ষিত সাফল্য। এই ইনিংসে উমেশ যাদব ও জহির খান নিজেদের মধ্যে ভাগাভাগি করেছেন পাঁচ উইকেট। প্রথম ইনিংসে যেখানে যাদব ও জহির মিলে পেয়েছিলেন মাত্র একটি উইকেট। ভারতের একমাত্র ইনিংসে ইংলিশ বোলিং সাফল্য ওই সোয়ানকে ঘিরেই কেন্দ্রীভূত। একটি করে উইকেট তুলে নিয়েছিলেন জেমস অ্যান্ডারসন, সামিত প্যাটেল ও কেভিন পিটারসেন।চেতেশ্বর পূজারার ডাবল সেঞ্চুরি, শেবাগের ১১৭ ও যুবরাজ সিংয়ের ৭৪ রানের ওপর ভর করে ৮ উইকেটে ৫২১ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছিল ভারতীয় দল।