সাদা পোশাকের হন্তারক ফিরলেন রঙিন পোশাকে, ঠিক একইভাবে ভারতের বিভীষিকা হয়ে। টেস্ট সিরিজের বিস্ময় বেন হিলফেনহস ওয়ানডেতেও ফিরলেন বিস্ময় হয়ে। বছর খানেক পর টেস্ট দলে ফিরে বোর্ডার-গাভাস্কার সিরিজের ৪ টেস্টে নিয়েছিলেন ২৭ উইকেট। প্রায় আড়াই বছর পর ওয়ানডে খেলতে নেমেই ৫ উইকেট! আরও একবার হিলফেনহসের সুইং ও বাউন্সে পর্যুদস্ত ভারত হেরেছে ১১০ রানে। বোনাস পয়েন্টসহ জিতে ৫ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া উঠে গেছে পয়েন্ট তালিকার শীর্ষে, সমান ম্যাচে ভারতের পয়েন্ট ১০। বাজেভাবে হারার পর মহেন্দ্র সিং ধোনিকে শুনতে হয়েছে আরেকটি দুঃসংবাদ। এক বছরের মধ্যে দুবার স্লো ওভাররেটের কারণে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে ভারত-অধিনায়ককে। খেলতে পারবেন না আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে।ভারতের স্লো ওভাররেটের মূল কারণ চার পেসার নিয়ে খেলা। যে কারণে চার পেসার নামানো, সেই লক্ষ্য পূরণ হয়নি। অস্ট্রেলিয়া ঠিকই গড়ে ৩০০ ছুঁই ছুঁই স্কোর। অস্ট্রেলিয়ার ইনিংসটা ছিল যেন ‘দশে মিলি করি কাজ’-এর আদর্শ উদাহরণ। উদ্বোধনী জুটিতে ৭০ রান তোলেন ডেভিড ওয়ার্নার ও ম্যাথু ওয়েড। এরপর ছোটখাটো বিপর্যয়, ১১৭ রানের মধ্যে নেই তিন উইকেট। বিপর্যয় কাটিয়ে রানের গতিতেও জোয়ার আনেন মাইক হাসি ও পিটার ফরেস্ট। তৃতীয় উইকেটে দুজন ১০০ রানের জুটি গড়েন ৯৩ বলে। ৪৫ বলে ফিফটি ছুঁয়ে হাসি ফিরে যান ৫৯ রানে, ক্যারিয়ারে তৃতীয় ওয়ানডেতে ফরেস্ট করেন দ্বিতীয় ফিফটি। ডেভিড হাসি ও ড্যানিয়েল ক্রিস্টিয়ানের তোলা ঝড়ে শেষ ১০ ওভারে আসে ১০১ রান। ফর্মে থাকা হাসি ২৬ করেন ২০ বলে, বিনয় কুমারকে টানা চারটি চারসহ ১৮ বলে ৩০ করেন ক্রিস্টিয়ান।লি-হিলফেনহসের প্রথম স্পেলেই নিশ্চিত হয়ে যায় অস্ট্রেলিয়ার জয়। ৩৬ রানেই পড়ে যায় ভারতের প্রথম চার উইকেট। এরপর যথারীতি ধোনির প্রতিরোধ, কিন্তু হিলফেনহসের কাছে হার মানতে হয় তাঁকেও। আগের ১৫ ওয়ানডেতে সেরা বোলিং ছিল ৪২ রানে ২ উইকেট। কিন্তু এবারের গ্রীষ্মে যেন নিজেকে নতুন করে চেনাচ্ছেন হিলফেনহস! ওয়েবসাইট।অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২৮৮/৫ (ওয়েড ৪৫, ওয়ার্নার ৪৩, পন্টিং ৭, ফরেস্ট ৫২, মাইক হাসি ৫৯, ডেভিড হাসি ২৬*, ক্রিস্টিয়ান ৩০*, ইরফান ৩/৬১, রোহিত ১/১৭, জহির ১/৪৬); ভারত: ৪৩.৩ ওভারে ১৭৮ (গম্ভীর ৫, টেন্ডুলকার ৩, কোহলি ১২, রোহিত ০, রায়না ২৮, ধোনি ৫৬, জাদেজা ১৮, ইরফান ১৯, বিনয় ৬, জহির ৯, যাদব ৬*, হিলফেনহস ৫/৩৩, লি ৩/৪৯, ক্রিস্টিয়ান ১/২৭, স্টার্ক ১/৩৬) । ফল: অস্ট্রেলিয়া ১১০ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: বেন হিলফেনহস।