বড় জয়ে শুরু আবাহনীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাহনী ৬: ০ পুলিশফেনী সকার ০: ০ আরামবাগবঙ্গবন্ধু স্টেডিয়ামে নির্ধারিত সময়ের চেয়েও কাল মিনিট দশেক পর শুরু হলো গ্রামীণফোন ফেডারেশন কাপের ‘বি’ গ্রুপের খেলা। চিরচেনা আকাশি-নীলের বদলে ডোরাকাটা হলুদ আর আকাশি-নীল জার্সিতে মৌসুমের প্রথম ম্যাচে মাঠে নামল আবাহনী। জয় দিয়েই মৌসুম শুরু করল ফেডারেশন কাপ চ্যাম্পিয়নরা। পুলিশকে হেসেখেলে হারাল ৬-০ গোলে।প্রতিপক্ষ দুর্বল বলেই আবাহনী কোচ আলী আকবর পোরমুসলিমি খেলোয়াড়দের একটু দেখে নেওয়ার সুযোগটাও কাজে লাগালেন। প্রথমার্ধে খেলালেন চার ডিফেন্ডার, দ্বিতীয়ার্ধে তিনজন। স্থানীয় নতুনদের সঙ্গে নতুন বিদেশি কেমন খেলে, সেটাও দেখে নিলেন। ৬ গোলের মধ্যে চারটিই পেয়েছেন বিদেশিরা—প্রথমবারের মতো বাংলাদেশে খেলতে আসা নাইজেরিয়ান লাকি পল অভিষেকে করলেন জোড়া গোল। পরীক্ষিত পুরোনো সৈনিক ঘানার আউডু ইব্রাহিম ও ফ্রাঙ্ক একটি করে। বাকি দুটি রবিন ও ওয়ালী ফয়সালের। বড় দলের বিপক্ষে জয় অসম্ভব—এমন সমীকরণে পুলিশ দল বেশির ভাগ সময় রক্ষণ খোলসে আটকে ছিল। যদিও দুই মিনিটের মাথায় পুলিশের নাজমুল ভালো একটা শট নিয়েছিলেন আবাহনী গোলে। গোলরক্ষক সোহেল কর্নারের বিনিময়ে বাঁচিয়ে দেন। ওই পর্যন্তই। এরপর থেকে ম্যাচের নিয়ন্ত্রণ আবাহনীর হাতে। ১৪ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে শট করে প্রথম গোলটি রবিনের। দুই মিনিট পরই বক্সের বাইরে থেকে কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন ফ্রাঙ্ক। ৩১ মিনিটে ৩-০, ফ্রাঙ্কের পাস পেয়েই বক্সের মধ্য থেকে লাকি পলের গোল। ৩৭ মিনিটে রবিনের পাস থেকে আলতো টোকায় দলের চতুর্থ গোলটি করেন ইব্রাহিম। প্রথমার্ধে চার গোল হজমের পরও পুলিশ সেই রক্ষণ মেজাজেই। জটলার মধ্যে দাঁড়ানো পল নিজের দ্বিতীয় ও আবাহনীর পঞ্চম গোলটি করেন ৫৪ মিনিটে। খেলা শেষের তিন মিনিট আগে ফ্রি-কিক থেকে গোল করেন ওয়ালী ফয়সাল।ম্যাচ শেষে পুলিশের কোচ আবদুস সালাম বললেন, ‘আবাহনীর সঙ্গে জিতব, এটা আমরা ভাবিইনি। তবে গোল একটু বেশি হয়ে গেছে।’ আলী আকবরও তৃপ্ত নন, ‘শুরুটা ভালোই হলো। তবে আমাদের খেলায় আরও উন্নতি করতে হবে।’ফেনী সকার-আরামবাগ ড্র: কমলাপুর স্টেডিয়ামে অন্য ম্যাচে ফেনী সকার গোলশূন্য ড্র করেছে আরামবাগের সঙ্গে।